১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বাবা নাকি মায়ের মত হয়েছেন, জানতে চান নেদারল্যান্ডে দত্তক যাওয়া রাজিব

শুধু রাজিব নয়, সঙ্গে তার বন্ধু সেলিনা গোমেজও নেদারল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন নিজের বাবা-মায়ের খোঁজে।

বাবা নাকি মায়ের মত হয়েছেন, জানতে চান নেদারল্যান্ডে দত্তক যাওয়া রাজিব

শিকড়ের খোঁজে নেদারল্যান্ড থেকে বাংলাদেশে আসা রাজিব উদ্দিন ও সেলিনা গোমেজ।

তানভীর দিপু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 05:22 PM

Updated : 12 Nov 2026, 05:22 PM

বাংলাদেশ থেকে ১৯৮০ সালে একটি এনজিওর মাধ্যমে আনুমানিক আড়াই বছর বয়সি রাজিব উদ্দিনকে দত্তক হিসেবে পাঠানো হয় নেদারল্যান্ডে। সেখানেই তার বেড়ে ওঠা। তবে তিনি বার বার বাংলাদেশে ফিরে আসছেন তার শিকড়ের খোঁজে।

বর্তমানে ৪৯ বছর বয়সি রাজিব বলেন, “আমি পুরো জীবন নেদারল্যান্ডে কাটালেও সেখানে আমি বিদেশি। আমি বাংলাদেশে এসেছি আমার মা-বাবাকে খুঁজতে। নেদারল্যান্ডে আমার সবকিছু আছে আমি সেখানে খুব ভালো আছি।

“কিন্তু আমার খুব ফাঁকা লাগে- যখন আমি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে জানতে চাই, আমি আসলে কার মত হয়েছি- বাবার মত নাকি মায়ের মত।”

এই উত্তরের খোঁজেই তিনি ২০১৫ সাল থেকে ছয় দফায় বাংলাদেশে এসে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় খুঁজে বেড়াচ্ছেন বাবা-মাকে।

পাসপোর্ট অনুযায়ী, ১৯৭৭ সালে তার জন্ম। তার বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি। দাদা রহিম উদ্দিন। গ্রাম- পেয়ারা কান্দি, থানা নবীগঞ্জ, জেলা কুমিল্লা।

অস্থায়ী ঠিকানা হিসেবে লেখা রয়েছে- বেবী হোমস্ - ঢাকা, বাংলাদেশ।

জটিলতা তৈরি হয়েছে রাজিবের ঠিকানায় যে পেয়ারা কান্দি গ্রামের নাম দেয়া হয়েছে- সে অঞ্চলটি কোনো এক সময় বৃহত্তর কুমিল্লার অংশ থাকলেও ১৯৮৬ সালে সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত হয়।

ফলে সেই গ্রাম খুঁজতে গিয়ে কখনো দেখা যাচ্ছে ওইগ্রাম কুমিল্লা জেলায়, আবার কখনো দেখা যাচ্ছে সেটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কোনো একটি গ্রাম।

পেশায় সমাজকর্মী রাজিব উদ্দিন বলেন, “এর আগেও আমি এক গ্রামে গিয়ে যখন খোঁজ করেছি একজন ব্যক্তি জানিয়েছে তিনি আমার বাবা। কিন্তু পরে ডিএনএ টেস্ট করে বুঝতে পারি- আমার সাথে মিলছে না।”

রাজিব সর্বশেষ কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয়ে এসে তার পাসপোর্টের ঠিকানায় থাকা গ্রামের খোঁজ নেন। এ সময় তিনি কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুনের সাথে দেখা করেন। ওই জায়গাটি আসলে কোথায় তা জানতে প্রশাসনের সাহায্য চান।

এ বিষয়ে রাজিব মাহমুদ মিঠুন বলেন, “আমরা রাজিব উদ্দিনের কাগজপত্র দেখেছি। ঠিকানা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের একটি গ্রাম দেখা যাচ্ছে। আমি সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি।

“যদি সেই ঠিকানায় রাজীব উদ্দিনের বাবার ঠিকানা হয়ে থাকে তাহলে তারা সেখানে গিয়ে খোঁজ করতে পারবে। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা করবে। ”

এদিকে শুধু রাজিব নয়, তার সাথে তার বন্ধু সেলিনা গোমেজও বাংলাদেশে এসেছেন নিজের বাবা-মায়ের খোঁজে।

রাজিবের সাথে নেদারল্যান্ড থেকে তিন দফায় বাংলাদেশে এসে বাবা মাকে খুঁজছেন তিনি। তার পরিবারের ঠিকানা কক্সবাজার দেয়া- সেখানে গিয়ে খুঁজে এসেছেন তাদের। এখন বন্ধু রাজিবের সঙ্গে কুমিল্লায় অবস্থান করছেন।

পেশায় সেলিনা একজন গায়িকা। তিনি বলেন, “আমি নেদারল্যান্ডসে বিদেশির মতই থাকি। সেখানে আমাকে লালন-পালনকারীরা আছেন। তারপরও আমি জানতে চাই- আমার আসল বাবা মা কে? আমি বা রাজিব যে-ই খুঁজে পাই না কেন এটা হবে আমাদের স্বার্থকতা।”

রাজিব ও সেলিনার সঙ্গে গাইড হিসেবে সঙ্গ দিচ্ছেন নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মো. ওমর।

তিনি বলেন, “সেলিনা আর রাজিব তাদের পরিবারকে নানাভাবে খোঁজাখুঁজি করছেন। আমরা তাদের পাসপোর্টের ঠিকানা অনুযায়ী স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।

“তারা তাদের বাবা-মাকে খুঁজে পেলে আমাদেরও খুশি লাগবে”, বলেন তিনি।