২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবেন নেইমার

দলের সেরা তারকার মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ তিতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2022, 07:07 PM

Updated : 04 Dec 2022, 08:50 PM

চোটের ধাক্কায় একের পর এক খেলোয়াড় ছিটকে যাওয়ার মাঝে দারুণ একটা সুখবর পেল ব্রাজিল। পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন নেইমার। শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত তারকা এই ফরোয়ার্ড।

স্টেডিয়াম ৯৭৪ এ কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে সোমবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। আগের দিন দলটির কোচ তিতে জানান, এই ম্যাচে খেলবেন নেইমার।

রোববার সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে উপস্থিত ছিলেন অধিনায়ক চিয়াগো সিলভা। তাকেই প্রশ্ন করা হয়, নেইমার খেলবেন কি-না। ওই সময় তিতে মাইক্রোফোন ধরে বলেন, “হ্যাঁ।“

সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে ব্রাজিল। ওই ম্যাচেই চোট পান নেইমার। ব্যথা পাওয়ার পরও কয়েক মিনিট খেলেন তিনি। এরপর আর পারেননি। ৮০তম মিনিটে তাকে তুলে নেন তিতে।

এরপর দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয় অ্যাঙ্কেলের চোটে ভুগছেন নেইমার। শুরুতে কেবল জানানো হয়, সুইজারল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না পিএসজি তারকা। অবশ্য অনেক গণমাধ্যমের খবরে বলা হয়, নকআউট পর্বের আগে খেলার কোনো সম্ভাবনাই নেই তার।

এমনকি বিশ্বকাপেই নেইমার আর খেলতে পারবেন না বলে গুঞ্জন ছড়ায়। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে শনিবার রাতেই নেইমার নিজের অনুশীলনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, তিনি ভালো বোধ করছেন। আভাস দেন মাঠে নামার।

সার্বিয়ার বিপক্ষে জয়ের পর সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে ব্রাজিল। তবে শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে বসে তারা।

গ্রুপ পর্বে চোটের কারণে নেইমারসহ মোট ৫ জন খেলোয়াড়কে হারায় ব্রাজিল। এদের মধ্যে ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস ও ডিফেন্ডার আলেক্স তেলেস পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

সার্বিয়া ম্যাচে ডিফেন্ডার দানিলোও অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন। পরের দুই ম্যাচে খেলতে পারেননি তিনিও। তাকেও ফিরে পাচ্ছে দল। তবে দানিলোর ক্লাব সতীর্থ আলেক্স সান্দ্রো নিতম্বের চোটে আপাতত মাঠের বাইরেই থাকছেন।

“সে (আলেক্স সান্দ্রো)  খেলতে পারবে না। এখনও সে সেরে ওঠার প্রক্রিয়ায় আছে। দানিলো ও নেইমার ফিরছে।”