Published : 20 Nov 2022, 06:57 PM
বিশ্বকাপে মাঠে নামার দুই দিন আগে দুঃসংবাদ শুনল অস্ট্রেলিয়া। হাঁটুর চোটে আসর থেকে ছিটকে গেলেন দলটির ফরোয়ার্ড মার্টিন বয়ল।
আগামী মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান।
চোট নিয়েই অবশ্য কাতারে এসেছিলেন বয়ল। তাকে নিয়ে তাই শঙ্কা ছিলই। স্কটল্যান্ডের ক্লাব হিবারনিয়ানের হয়ে খেলার সময় হাঁটুতে আঘাত পান তিনি।
২৯ বছর বয়সী বয়লের জায়গায় মার্কো টিলিওকে বিশ্বকাপ দলে যোগ করবে অস্ট্রেলিয়া। স্কটিশ বংশোদ্ভূত উইঙ্গারকে হারিয়ে হতাশ দলটির কোচ গ্রাহাম আর্নল্ড।
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে পাঁচটি গোল করেছেন বয়ল।
২১ বছর বয়সী টিলিও গত মঙ্গলবার কাতারে এসে পৌঁছান। বয়লের সতর্কতামূলক কাভার হিসেবে আগেই তাকে ডেকে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া।