২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাঠে ও বাইরে অবদান রাখতে পারে আলভেস’

কাতারে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের পথে আলভেস বড় অবদান রাখতে পারেন বলে মনে করেন জে রবের্তো।

‘মাঠে ও বাইরে অবদান রাখতে পারে আলভেস’

তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ৩৯ বছর বয়সী দানি আলভেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2022, 01:55 PM

Updated : 19 Nov 2022, 01:55 PM

দারুণ সব প্রতিভাবান খেলোয়াড়ে পূর্ণ ব্রাজিল দল। তাদের অনেকেই যে বিশ্বকাপের বড় মঞ্চে খেলতে যাচ্ছেন প্রথমবারের মতো। তাই মাঠে ও বাইরে তাদের পাশে দানি আলভেসের উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ মনে করছেন জে রবের্তো। তার বিশ্বাস, ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পথে বড় অবদান রাখতে পারেন ৩৯ বছর বয়সী আলভেস।

‘বয়সী’ আলভেসকে দলে নিয়ে ব্রাজিলে কিছুটা সমালোচনার মুখে পড়েছেন কোচ তিতে। নিজের অভিজ্ঞতা থেকেই হয়তো তাদের অবস্থাটা বুঝতে পারছেন জে রবর্তো। ২০০৬ সালে নিজের শেষ বিশ্বকাপে খেলার সময় বয়স নিয়ে কথা শুনতে হয়েছিল এই মিডফিল্ডারেরও।

ইউরোপে দীর্ঘ সময় কাটিয়ে তখন ব্রাজিলে ফিরেছিলেন রবের্তো। বয়স এমন কিছু বেশি ছিল না, তবে ৩২ বছর বয়সে তার জায়গা নিয়েও প্রচুর কথা হয়েছিল। 

একই পরিস্থিতি আলভেসকে নিয়ে। হাঁটুর চোট থেকে কিছু দিন আগে সেরে ওঠা এই ডিফেন্ডারের দলে থাকা ভালোভাবে নিচ্ছে না দেশটির গণমাধ্যম। সব দেখেশুনে খুবই বিরক্ত রবের্তো, দেশটির ওয়েবসাইট ইউওএল-কে বললেন, বয়সের জন্য কারো সমালোচনা করা একধরনের ‘ট্যাবু।’

“এই সমস্যাটা আসলে সাংস্কৃতিক। ২০০৬ বিশ্বকাপের পর যখন ব্রাজিলে ফিরেছিলাম তখন আমারও প্রথম এই অভিজ্ঞতা হয়েছিল। এই মানসিকতা পরিবর্তন করা কঠিন। কারণ এটা ব্রাজিলিয়ান ভক্ত ও সংবাদ মাধ্যমগুলোর সংস্কৃতির অংশ।”

Image

২০০৬ বিশ্বকাপ খেলা জে রবের্তো।

“আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি একধরনের ট্যাবুর সম্মুখীন হয়েছিলাম। আমি দেখছি, এই ট্যাবু এখনও ভাঙা সম্ভব হয়নি, আজকের দিনেও বহাল আছে।”

ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ১২৪ ম্যাচ খেলেছেন আলভেস। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে খেলার পর গত আসরে দলে ছিলেন না চোটের জন্য। এবার তাকে আবার ফেরালেন তিতে।

রবের্তো মনে করেন, অভিজ্ঞতায় পরিপূর্ণ আলভেস ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পথে রাখতে পারেন বড় ভূমিকা।

“তার অভিজ্ঞতা এই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন খেলোয়াড় এসেছে, যারা ইউরোপে দুর্দান্ত খেলছে। কিন্তু প্রথম বিশ্বকাপে খেলবে তারা।”

“নিজের সমর্থনের জন্য দলে অভিজ্ঞ খেলোয়াড় প্রয়োজন। তার ক্যারিয়ারে দুর্দান্ত সব অর্জনের কারণে তাকে দলে ডাকা হয়েছে। কারণ, সে এখনও বিশ্বকাপে অনেক কিছু করতে পারে, সেটা মাঠে এবং মাঠের বাইরে।”

রেকর্ড ষষ্ঠ শিরোপায় চোখ রেখে আগামী বৃহস্পতিবার সার্বিয়া ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে ব্রাজিল। ‘জি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।