২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে স্পেনের উজ্জ্বল পারফরম্যান্সে শাভির প্রভাব দেখছেন লাপোর্তা

বার্সেলোনা সভাপতি মনে করেন, কাতালান ক্লাবটিতে খেলে উপকৃত হয়েছেন স্পেন জাতীয় দলের খেলোয়াড়রা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2022, 06:29 PM

Updated : 29 Nov 2022, 06:29 PM

কোস্টা রিকার জালে গোল উৎসবের পর জার্মানির বিপক্ষেও জয়ের আশা জাগায় স্পেন, শেষ পর্যন্ত তা না মিললেও এই দুই ম্যাচে দলটি তাদের শক্তির জানান দিতে পেরেছে। তাদের দারুণ এই পারফরম্যান্সের পেছনে বার্সেলোনা কোচ শাভি এরনান্দেসের অবদান দেখছেন ক্লাবটির কোচ হুয়ান লাপোর্তা। কারণটাও বেশ পরিষ্কার, এবারের স্পেন দলে যে কাতালান ক্লাবটির খেলোয়াড়দের আধিক্য।

কাতার বিশ্বকাপে স্পেন খেলছে 'ই' গ্রুপে, অনেকের কাছে এটাই 'গ্রুপ অব ডেথ'। দুই ম্যাচ পর ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। প্রথম ম্যাচে কোস্টা রিকাকে ৭-০ গোলে গুঁড়িয়ে দেয় তারা, যা এখন পর্যন্ত এই আসরের সবচেয়ে বড় জয়। দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে।

অভিজ্ঞ জর্দি আলবা ও সের্হিও বুসকেতসরা তো আছেনই, স্পেনের এই দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি, গাভি, ফরোয়ার্ড ফেররান তরেস ও আনসু ফাতি।

কোস্টা রিকার বিপক্ষে ম্যাচে স্পেনের সবচেয়ে কম বয়সী (১৮ বছর ১১০ দিন) খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলার কীর্তি গড়েন গাভি। এছাড়া দলের পঞ্চম গোলটি করে বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় কম বয়সী গোলস্কোরারও হন তিনি।

ম্যাচ দুটিতে বার্সেলোনার অন্য খেলোয়াড়দের পারফরম্যান্সও ছিল নজরকাড়া। যেমনটা তারা বিশ্বকাপ বিরতির আগে দেখিয়েছেন ক্লাবের হয়ে। যার সুবাদে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে আছে শাভির দল।

সাংবাদিকদের সঙ্গে গত সোমবার আলাপচারিতায় লাপোর্তা বলেন, শাভির হাত ধরে তারা তো ভালো খেলছেনই, পাশাপাশি এর ইতিবাচক প্রভাব পড়ছে স্পেন দলেও।

“(স্পেনের পারফরম্যান্স) চমৎকার হচ্ছে৷ (বার্সেলোনার) আমাদের খেলোয়াড় ও জাতীয় দল যেভাবে খেলছে, তা বার্সার জন্য গর্বের বিষয়… জাতীয় দলের এই পারফরম্যান্সে শাভির অবদান আছে, কারণ সে খেলোয়াড়দের বার্সার প্রথম দলে সুযোগ দিয়েছে।”

“শাভি খুব ভালো করছে, আমরা লা লিগায় শীর্ষে আছি। স্প্যানিশ জাতীয় দল যেভাবে এগোচ্ছে, তা শাভির ভালো কাজেরও ফল। লুইস এনরিকে খেলোয়াড়দের একটি গ্রুপ তৈরি করে খুব সফল হয়েছেন, আর এর বেশিরভাগ খেলোয়াড়ই আমাদের ক্লাবের, যা খেলাটিকে সহজতর করেছে।”

স্পেনের শীর্ষ লিগে ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।