২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বকাপ জেতার বিশ্বাস নিয়ে খেলছে ইংল্যান্ড’

অধিনায়ক হ্যারি কেইন বললেন, ২০১৮ সালের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে কাতার এসেছেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 01:18 PM

Updated : 10 Dec 2022, 01:18 PM

রাশিয়া বিশ্বকাপে সেমি-ফাইনালের পর সবশেষ ইউরোর ফাইনাল, উন্নতির পথেই আছে ইংল্যান্ড। সেটা প্রভাব ফেলেছে খেলোয়াড়দের আত্মবিশ্বাসেও। হ্যারি কেইনের কথাতেও আছে এর স্পষ্ট ছাপ। ইংলিশ অধিনায়ক বলেছেন, বিশ্বকাপ জেতার আত্মবিশ্বাস নিয়েই কাতার এসেছেন তারা।    

২০১৬ সালে ইংল্যান্ডের দায়িত্ব নেওয়া সাউথগেটের তারুণ্য নির্ভর ও অনভিজ্ঞ দল নিয়ে রাশিয়া আসরে খুব বেশি প্রত্যাশা ছিল না। কিন্তু নিজেদের মেলে ধরে দলটি। ধাপে ধাপে চলে যায় শেষ চারে। সেখানে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে হারে ক্রোয়েশিয়ার কাছে।

গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতার আরও কাছাকাছি চলে গিয়েছিল ইংল্যান্ড। ফাইনালে ইতালির বিপক্ষে হারে টাইব্রেকারে।

বড় টুর্নামেন্টে ভালো করার ধারার ধরে রেখে কাতারেও এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড। শেষ আটে আসার পথে সবশেষ তিন ম্যাচে হজম করেনি কোন গোল। চার ম্যাচে দলটি করে ১২ গোল।

সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে শনিবার তাদের প্রতিপক্ষ শিরোপাধারী ফ্রান্স। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কেইন বলেন, রাশিয়া আসরের চেয়ে এবার তারা অনেক বেশি আত্মবিশ্বাসী।

“২০১৮ সালে ফিরে তাকালে, আমরা সত্যিই বুঝতে পারিনি যে দলের কাছ থেকে কী আশা করা যায়। অবশ্যই আমরা বিশ্বকাপে গিয়েছিলাম এই বিশ্বাস নিয়ে যে আমরা জিততে পারব, কিন্তু আমাদের অনেকের জন্য এটি প্রায় একটি নতুন অভিজ্ঞতা ছিল।”

“অবশ্যই আমরা সেখানে সেমি-ফাইনালে উঠেছিলাম এবং সবাই আকাশে উড়ছিলাম। কিন্তু টুর্নামেন্টে এগিয়ে যেতে এবং তা জিততে আমাদের নিজেদের পূর্ণ বিশ্বাস ছিল কিনা, আমি পুরোপুরি নিশ্চিত নই। আমি মনে করি, ইউরোয় আমাদের সেই বিশ্বাসটা ছিল, সেখানে ফাইনালে উঠে আমরা হেরেছিলাম।”

বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার সফল হতে চান ইংল্যান্ড অধিনায়ক। কেইনের মতে, তাদের শিরোপা জেতার সম্ভাবনা এবারই বেশি।

“আমি মনে করি যে (শিরোপা জেতার) বিশ্বাসটা চার বা পাঁচ বছর ধরে তৈরি হয়েছে এবং এখনও হচ্ছে। আমরা এই টুর্নামেন্টে খেলতে নেমেছি এই বিশ্বাস নিয়ে যে, আমরা এটি জিততে পারব... আমি জানি আমরা ২০১৮ সালে যা করেছি তার চেয়ে এবার অনেক বেশি বিশ্বাস নিয়ে খেলতে নামছি।”