২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে ‘হেক্সা’ জয়ের জন্য ‘সবকিছুই করবে’ ব্রাজিল

বিশ্বকাপে ব্রাজিল নিজেদের ছাপ রাখতে পারবে বলে বিশ্বাস রিশার্লিসনের।

কাতারে ‘হেক্সা’ জয়ের জন্য ‘সবকিছুই করবে’ ব্রাজিল

সতীর্থদের সঙ্গে অনুশীলনে রিশার্লিসন (মাঝে)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2022, 12:19 AM

Updated : 20 Nov 2022, 12:21 AM

সেই ২০০২ সালে ব্রাজিল ঘরে তুলেছিল রেকর্ড পঞ্চম বিশ্বকাপ শিরোপা। পরের চার আসরেও ফেভারিট হয়ে পা রাখে তারা। তবে প্রতিবারই ফিরতে হয় খালি হাতে। এবার ভাগ্য বদলাতে মরিয়া ‘সেলেসাওরা’। দলটির তরুণ ফরোয়ার্ড রিশার্লিসনও যেমন বললেন, ‘হেক্সা’ (ষষ্ঠ শিরোপা) মিশন সফল করতে সব চেষ্টাই তারা করবেন।

রোববার শুরু কাতার আসরেও যথারীতি ফেভারিটদের একটি ব্রাজিল। ১৫ ম্যাচ অপরাজিত (১২ জয় ও ৩ ড্র) থেকে বৈশ্বিক আসর শুরুর অপেক্ষায় তিতের দল। সবশেষ তারা হেরেছিল গত বছরের জুলাইয়ে, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে।    

প্রথমবার বিশ্বকাপে খেলার অপেক্ষায় থাকা  ২৫ বছর বয়সী রিশার্লিসন ইউরোস্পোর্টকে বললেন,  শিরোপা জিততে যথাসাধ্য চেষ্টা করবেন তারা।

“আমরা বিশ্বকাপ জিতব কি-না? আমি জানি না। তবে আমরা বিশ্বকাপ জেতার জন্য সবকিছু করব। আমরা নীরবে কাজ করি, আমাদের কাজ করি, প্রতিদিন আমাদের সেরাটা দেই। অবশ্যই, প্রফেসর তিতে (কোচ) আমাদের দুর্দান্ত একটি বিশ্বকাপের জন্য সেরা উপায়ে প্রস্তুত করবেন।”

অন্য কয়েকটি দলেরও সম্ভাবনা দেখছেন ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে ১৭ গোল করা রিশার্লিশন। সবার মাঝে কাতারে তারা নিজেরা ছাপ রাখতে পারবেন বলে দৃঢ় বিশ্বাস তার।

“আমি মনে করি, অনেক ভালো দল আছে, তবে আমরা ব্রাজিল। আমাদের অনেক ইতিহাস আছে, আমরা বিশ্বকাপে যাচ্ছি এই জার্সিকে সম্মান জানাতে। অবশ্যই আমাদের জন্য ভালো কিছু পেতে যাচ্ছি আমরা।”

“অনেকগুলি ভালো দল আছে। যেমন: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, বেলজিয়াম এবং আর্জেন্টিনা, যাদের একটি ভালো স্কোয়াড রয়েছে এবং কোপা আমেরিকা জিতেছে।”

আগামী বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের অভিযান। ‘জি’ গ্রুপের অন্য দুই দল সুইজারল্যান্ড ও ক্যামেরুন।