২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুসংগঠিত’ মরক্কোর বিপক্ষে ভয়ডরহীন ফুটবলের মন্ত্র সান্তোসের

আফ্রিকার দলটির বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ দেখছেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2022, 09:22 PM

Updated : 09 Dec 2022, 09:38 PM

কাতার বিশ্বকাপে শেষ ষোলো পর্যন্ত সবচেয়ে কম গোল হজম করেছে মরক্কো। এই তথ্যই বলে দিচ্ছে, রক্ষণে কতটা দক্ষ তারা। মাঝমাঠ ও আক্রমণভাগেও কার্যকর সব খেলোয়াড় আছে তাদের। ফের্নান্দো সান্তোসের চোখে সুসংগঠিত একটি দল মরক্কো। তবে মনে কোনো ভয় না রেখে খেলতে পারলে দলটির বিপক্ষে জয় ধরা দেবে বলে বিশ্বাস পর্তুগাল কোচের। 

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার মুখোমুখি হবে দল দুটি। দোহার আল থুমামা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। 

টুর্নামেন্টে এখনও পর্যন্ত চার ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে মরক্কো। তারা জাল অক্ষত রেখেছে ইউরোপের তিন দল বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে। একমাত্র কানাডার বিপক্ষেই শুধু তা পারেনি, যদিও সেই গোলটি ছিল আত্মঘাতী। 

শেষ ষোলোয় স্পেনকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে এসেছে মরক্কো। বিশ্বকাপের তিন মাস আগে দায়িত্ব পাওয়া ওয়ালিদ রেগরাগির কোচিংয়ে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে কেবল ওই একটি গোলই হজম করেছে তারা। 

অন্যদিকে, পর্তুগাল আসরে এখনও পর্যন্ত যৌথভাবে সবচেয়ে বেশি (১২) গোল করলেও শেষ আটের দলগুলির মধ্যে সবচেয়ে বেশি গোল (৫) হজমও করেছে তারাই। 

পর্তুগিজরা শেষ ষোলোয় সুইজারল্যান্ডকে গুঁড়িয়ে দেয় ৬-১ গোলে। তবে মরক্কোর বিপক্ষে কাজটা যে সহজ হবে না, তা ভালো করেই জানেন সান্তোস। 

“মরক্কো খুব শক্তিশালী দল। চেলসি, পিএসজি বা বায়ার্ন মিউনিখের হয়ে খেলা খেলোয়াড়দের নিয়ে খুব সুসংগঠিত একটি দল তারা। আমাদের তাদের আটকানোর পথ খুঁজে বের করতে হবে।” 

"পর্তুগালের জন্য এটা সহজ ম্যাচ হবে না। আমার খেলোয়াড়রা জানে, প্রতিপক্ষ কী করতে পারে এবং তারা কতটা দক্ষ। আমাদের ভয়ডরহীনভাবে, আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে হবে। যদি আমরা তা পারি, আমি নিশ্চিত আমরা জিতব। আমার মনে হয়, মরক্কোর কোচও এভাবেই ভাবছেন।”