অস্ট্রেলিয়ার দ্রুতগতির খেলোয়াড়দের নিয়ে সতর্ক আর্জেন্টিনা
আক্রমণের পাশাপাশি নিজেদের রক্ষণ নিয়েও ভাবতে হবে বলে মনে করেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পল।
লড়াইটা দুই দলের মধ্যে। কিন্তু তার ভেতরও তো অনেক লড়াই থাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমন একটি দিক খুঁজে পেয়েছেন রদ্রিগো দে পল। প্রতিপক্ষের দ্রুতগতির খেলোয়াড়রা তাদের বিপদের কারণ হতে পারে বলে মনে করেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার।
বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
এখনও পর্যন্ত সাতবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। ১৯৮৮ সালে প্রথম সাক্ষাতে হেরেছিল দক্ষিণ আমেরিকার দেশটি। পরের ছয় ম্যাচের পাঁচটি তারা জিতেছে, ড্র হয়েছে একটি। ২০০৭ সালের পর আবার মুখোমুখি হচ্ছে দল দুটি।
সৌদি আরবের বিপক্ষে হেরে আসর শুরুর পর দ্বিতীয়ার্ধের দারুণ পারফরম্যান্সে মেক্সিকোকে হারিয়ে কক্ষপথে ফেরে আর্জেন্টিনা। পোল্যান্ডের বিপক্ষে দেখা যায় তাদের সেরাটা। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে পোলিশদের কোণঠাসা করে রেখে জয় তুলে নেয় দুবারের চ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষেও বলের দখলে তারা এগিয়ে থাকবেন বলে মনে করেন দে পল। ম্যাচের আগের দিন তিনি সতীর্থদের সতর্ক করে দিলেন প্রতিপক্ষের দ্রুতগতির খেলোয়াড়দের নিয়ে।
“পোল্যান্ড ম্যাচের মতোই হবে। (বেশিরভাগ) সময় বল আমাদের দখলে থাকবে। তবে তাদের খুব দ্রুতগতির খেলোয়াড় আছে। তাদের সামলানো গুরুত্বপূর্ণ হবে। যখন আমরা আক্রমণ করব, তখন রক্ষণ নিয়েও আমাদের ভাবতে হবে।”
“তারা দ্রুতগতির একটি দল। তাদের লম্বা খেলোয়াড়, লম্বা উইঙ্গারদের ওপর মনোযোগ রাখতে হবে। আমি মনে করি, পেনাল্টি অঞ্চলের কাছাকাছি আমাদের ফাউল করা ঠিক হবে না। তাদের খুব দ্রুতগতির খেলোয়াড় আছে, আর পাল্টা আক্রমণের ক্ষেত্রে এটাই তাদের শক্তিশালী দিক।”
