০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

২০৩০ বিশ্বকাপ জয়ের ‘বাস্তব সম্ভাবনা’ থাকবে ব্রাজিলের

ব্রাজিলের সাবেক অধিনায়ক কাফুর বিশ্বাস, আগামী বিশ্বকাপে চিত্রটা পুরোপুরি ভিন্ন হবে।

২০৩০ বিশ্বকাপ জয়ের ‘বাস্তব সম্ভাবনা’ থাকবে ব্রাজিলের

এখন পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল দল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 09:04 PM

Updated : 04 Nov 2026, 09:04 PM

২০২৬ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। দেশটির সাবেক অধিনায়ক কাফুর বিশ্বাস, আগামী বিশ্বকাপে চিত্রটা পুরোপুরি ভিন্ন হবে। তার উত্তরসূরিদের ২০৩০ বিশ্বকাপ জয়ের খুব ভালো সুযোগ থাকবে বলে মনে করেন তিনি।

দুটি বিশ্বকাপজয়ী সাবেক এই ডিফেন্ডার একই সঙ্গে বলেছেন, গত বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নেওয়া নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারকে সফল ও সম্মানজনক অধ্যায় হিসেবে মনে রাখা উচিত সবার।

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার গত জুলাইয়ের শেষ দিকে জানান, তিনি আর জাতীয় দলের হয়ে খেলতে চান না। এর কয়েক সপ্তাহ আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে যাওয়ার পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটেছে।

ব্রাজিলের জার্সিতে রেকর্ড ১৫০ ম্যাচ খেলা কাফু মঙ্গলবার রয়টার্সকে বলেন, “জাতীয় দলের সঙ্গে সবারই একসময় অধ্যায় শেষ হয়।

“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার এই অধ্যায়টি ছিল সফল। সে নিজের ছাপ রেখে গেছে, বিশ্ব ফুটবলে ব্রাজিলের হয়ে ইতিহাস গড়েছে। ব্রাজিলের হয়ে তার পরিসংখ্যান অবিশ্বাস্য। জাতীয় দলে তার সময়টা ছিল খুব সম্মানজনক।”

Image

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। ছবি: রয়টার্স

চারটি বিশ্বকাপে অংশ নেওয়া নেইমার ব্রাজিলের হয়ে ১৩০ ম্যাচে গোল করেছেন ৮০টি। এছাড়া ৫৮টি গোলে সহায়তা করেছেন তিনি। তবে জাতীয় দলের হয়ে তিনি কেবল একটি ট্রফিই জিতেছেন-২০১৩ সালের কনফেডারেশন্স কাপ।

১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী কাফু মনে করেন, ব্রাজিলের এখন পরবর্তী প্রজন্মের দিকে নজর দেওয়া উচিত। ২০৩০ বিশ্বকাপের লক্ষ্যে কোচ কার্লো আনচেলত্তির কোচিংয়ে দলটি নতুন করে গড়ে উঠছে।

ইতালিয়ান ক্লাব এসি মিলানে আনচেলত্তির কোচিংয়ে খেলা কাফু বলেন, “আমার পূর্ণ বিশ্বাস যে, ২০৩০ সালের চিত্রটা পুরোপুরি ভিন্ন হবে।

“ব্রাজিলের সেই বিশ্বকাপ জয়ের সুযোগ ও বাস্তব সম্ভাবনা থাকবে। এটি একটি নতুন অধ্যায়, নতুন প্রকল্প। আনচেলত্তি এখন কাজ করার এবং তার কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় পাবেন।”

Image

ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা সাবেক অধিনায়ক কাফু। ছবি: রয়টার্স

২০২৫ সালে ব্রাজিলের দায়িত্ব নেন আনচেলত্তি এবং বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পরও ২০৩০ সাল পর্যন্ত বহাল থাকেন। সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোকে তিনি অনেক নতুন খেলোয়াড়কে যাচাই করার সুযোগ হিসেবে ব্যবহার করেছেন। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের প্রায় দুই-তৃতীয়াংশ খেলোয়াড় টুর্নামেন্ট-পরবর্তী প্রথম সফরে দলের সঙ্গে ছিলেন না; সেই সফরে আট জন খেলোয়াড়ের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে।

অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ চলতি মাসে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য গত সপ্তাহে আরও একটি পরীক্ষামূলক দল ঘোষণা করেছেন, যেখানে পাঁচ জন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আনচেলত্তি সঠিক পথেই এগোচ্ছেন বলে মনে করেন ৫৬ বছর বয়সি কাফু।

“দল পুনর্গঠন সবসময়ই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের ক্ষেত্রে। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি এই তরুণদের নিয়ে ব্রাজিল দলের মধ্যে সঠিক বোঝাপড়া গড়ে তোলা সম্ভব।”