এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ
দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কাজাখস্তানকে উড়িয়ে রিকার্ভ পুরুষ দলগত বিভাগে সোনা জিতেছে বাংলাদেশ দল।
শুরুটা সাদামাটা হলেও দারুণভাবে ঘুরে দাঁড়ালেন আলিফ-সাগর-রাফিরা। টানা তিন সেট জিতে নিলেন তারা। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২) রিকার্ভ পুরুষ দলগত বিভাগে সোনা জয়ের হাসি সঙ্গী হলো বাংলাদেশের।
ইরাকের সোলাইমানিয়াহতে বৃহস্পতিবার কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি।
প্রথম সেট ৫৩-৫০ ব্যবধানে হেরে পিছিয়ে পড়ার পর, দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরের তিন সেটের ধুন্ধুমার লড়াইয়ে যথাক্রমে ৫৫-৫৪, ৫৫-৫২ ও ৫২-৫১ ব্যবধানে জিতে সেরা হয় বাংলাদেশ।
‘বাই’ পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করা বাংলাদেশ সেমি-ফাইনালে উজবেকিস্তানকে উড়িয়ে দিয়েছিল ৬-০ সেট পয়েন্টে।
আসরে এ নিয়ে দুটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে ছয়টি পদক জিতল বাংলাদেশ।
এর আগে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে প্রথম সোনা জয়ের উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি।
কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগ ও কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগের রুপা জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিব ও নারী এককে কুলসুম আক্তার মনি পেয়েছেন ব্রোঞ্জ।
