কাজাখস্তানকে কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে হারাতে পারল না বাংলাদেশ
বন্যা আক্তার ও নেওয়াজ আহমেদ রাকিব জুটির দ্বিতীয় সেটে বিবর্ণ পারফরম্যান্সের মাশুল দিতে হলো বাংলাদেশকে।
প্রথম সেট ড্রয়ের পর, বন্যা-রাকিব জুটি দ্বিতীয় সেটে নিশানাই খুঁজে পেলেন না! ১০ পয়েন্টে পিছিয়ে পড়ল বাংলাদেশ। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২) কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে সোনা জয়ের আশাও শেষ হয়ে গেল ওই ভরাডুবিতে।
ইরাকের সোলাইমানিয়াহতে বুধবার কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগের ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ১৫৩-১৪২ স্কোরে হেরে রুপা পেয়েছে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন বন্যা আক্তার ও নেওয়াজ আহমেদ রাকিব।
এ নিয়ে তিন ইভেন্টে একটি সোনা ও দুটি রুপা জিতল বাংলাদেশ।
প্রথম সেট ৩৮-৩৮ ড্রয়ের পর, দ্বিতীয় সেটে অবিশ্বাস্য ভরাডুবি হয় বন্যা-রাকিব জুটির। এক ঝটকায় ১০ পয়েন্ট (৩৯-২৯) পয়েন্টে পিছিয়ে পড়েন তারা। সোনা জয়ের সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে যায় তখনই।
পরের দুই সেটে এই ব্যবধান আর ঘোচাতে পারেননি বন্যা-রাকিব। তৃতীয় সেট ৩৭-৩৭ সমতার পর, চতুর্থ সেটে ৩৯-৩৮ ব্যবধানে জিতে নেয় কাজাখস্তান।
এই ইভেন্টে জমজমাট লড়াইয়ের পর স্বাগতিক ইরাক ১৪৬-১৪৪ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে পেয়েছে ব্রোঞ্জ।
দিনের শুরুতে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ২৩০-২২৪ স্কোরে হেরেছিল বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, তরিকুল ইসলাম ও নেওয়াজ আহমেদ রাকিব।
এরপর কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে সোনা জয়ের উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি।
