২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ইরাকের আর্চারিতে কম্পাউন্ড নারী এককে সোনা বন্যার

জমজমাট লড়াইয়ের পর জিতেছেন বাংলাদেশের এই আর্চার।

ইরাকের আর্চারিতে কম্পাউন্ড নারী এককে সোনা বন্যার

বন্যা আক্তার। ছবি: আর্চারি ফেডারেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 06:34 PM

Updated : 29 Oct 2026, 06:34 PM

লড়াই হলো ধুন্ধুমার। মাত্র ১ পয়েন্টের ব্যবধান বন্যা আক্তার ধরে রাখলেন চতুর্থ সেট পর্যন্ত। এরপর পঞ্চম সেট জিতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২) কম্পাউন্ড নারী এককে সোনা জয়ের আনন্দে ডানা মেললেন বাংলাদেশের এই আর্চার।

ইরাকের সোলাইমানিয়াহতে বৃহস্পতিবার কাজাখস্তানের বারলেভা মিলানার বিপক্ষে ১৪৫-১৪৩ স্কোরে জিতেছেন বন্যা।

প্রথম সেট ২৮-২৮ সমতায় শেষের পর, দ্বিতীয় সেটে ২৯-২৮ পয়েন্টে জিতেন বন্যা। পরের দুই সেটও শেষ হয় ২৯-২৯, ২৯-২৯ সমতায়। তখন ১১৫-১১৪ ব্যবধানে এগিয়ে বন্য।

তিনটি করে সোনা ও রুপা এবং চারটি ব্রোঞ্জ মিলিয়ে ১০টি পদক জিতে এই প্রতিযোগিতা শেষ করল বাংলাদেশ।

এদিন রিকার্ভ নারী এককের ফাইনালে ইরানের প্রতিযোগী ফাল্লাহ মোবিনার বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে হেরে রুপা পান সাইমা সালাহ উদ্দিন।

রিকার্ভ পুরুষ এককের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে আজারবাইজানের আলিয়েন মাহাম্মাদালিকে ৭-৩ সেট পয়েন্টে হেরে যান আব্দুর রহমান আলিফ।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সোনা জিতে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি।

মেয়েদের রিকার্ভ দলগত বিভাগে কাজাখস্তানকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে ব্রোঞ্জ পায় শ্যামলী রায়, সীমা আক্তার সিমু ও সাইমাকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

রিকার্ভ মিশ্র দ্বৈতে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৫-৩ সেট পয়েন্টে হেরেছে বাংলাদেশের আলিফ-সাইমা জুটি।

আগের দিন কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে প্রথম সোনা জয়ের উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে ও কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগের রুপা জিতে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিব ও নারী এককে কুলসুম আক্তার মনি পান ব্রোঞ্জ।