২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

পথ হারিয়ে রুপা পেলেন সাইমা

দারুণ শুরুর পর, খেই হারিয়ে ফেলেন ১৫ বছর বয়সী এই আর্চার।

পথ হারিয়ে রুপা পেলেন সাইমা

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 06:15 PM

Updated : 29 Oct 2026, 06:15 PM

এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২)

ছন্দময় শুরু পেলেন সাইমা সালাহ উদ্দিন। দুই সেট জিতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২) রিকার্ভ নারী এককে সোনা জয়ের প্রবল সম্ভাবনা জাগালেন তিনি। কিন্তু এরপরই তার অবিশ্বাস্য ছন্দপতন! টানা তিন সেট হেরে গেলেন বাংলাদেশের এই আর্চার।

ইরাকের সোলাইমানিয়াহতে বৃহস্পতিবার ইরানের প্রতিযোগী ফাল্লাহ মোবিনার বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে হেরে রুপা পেয়েছেন সাইমা।

প্রথম সেট ২৯-২৪ ব্যবধানে জিতে নেন সাইমা। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই জমলেও ২৯-২৭ পয়েন্টে জিতে লক্ষ্যপূরণের পথে অনেকটাই এগিয়ে যান তিনি।

তৃতীয় সেটে ২৯-২৭ পয়েন্টে জিতে ঘুরে দাঁড়ান মোবিনা। চতুর্থ সেটে দুজনকেই চেপে ধরে স্নায়ুর চাপ। ২৪-২১ পয়েন্টে জিতে সমতায় ফিরেন ইরানের প্রতিযোগী। পঞ্চম সেট দারুণ লড়াই করলেও, সাইমা শেষ পর্যন্ত হেরে যান ২৯-২৮ পয়েন্টে।

আসরে এ নিয়ে দুটি করে সোনা, তিনটি রুপা ও চারটি ব্রোঞ্জ মিলিয়ে ৯টি পদক জিতল বাংলাদেশ।

রিকার্ভ পুরুষ এককে আজারবাইজানের আলিয়েন মাহাম্মাদালিকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছেন আব্দুর রহমান আলিফ।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি।

মেয়েদের রিকার্ভ দলগত বিভাগে কাজাখস্তানকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে ব্রোঞ্জ পেয়েছে শ্যামলী রায়, সীমা আক্তার সিমু ও সাইমাকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

রিকার্ভ মিশ্র দ্বৈতে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৫-৩ সেট পয়েন্টে হেরেছে বাংলাদেশের আলিফ-সাইমা জুটি।

এর আগে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে প্রথম সোনা জয়ের উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে ও কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগের রুপা জিতে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিব ও নারী এককে কুলসুম আক্তার মনি পান ব্রোঞ্জ।