এশিয়া কাপ আর্চারিতে রুপা পেল বাংলাদেশ
বিবর্ণ শুরুর পর কাজাখস্তানের হেরে সোনা জয়ের স্বপ্ন গুঁড়িয়ে গেল হিমু-তরিকুল-রাকিবদের।
শুরুটা ভালো হলো না হিমু-তরিকুলদের। প্রথম সেটে দুই পয়েন্টে এবং দ্বিতীয় সেটে পাঁচ পয়েন্টে পিছিয়ে পড়ল বাংলাদেশ। সাত পয়েন্টে ঘাটতি পরে পুষিয়ে নেওয়ার চেষ্টায় সফল হলো না বাংলাদেশ। কাজাখস্তানের বিপক্ষে হারিয়ে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে রুপা পেল দল।
ইরাকের সোলাইমানিয়াহতে বুধবার কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ২৩০-২২৪ স্কোরে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, তরিকুল ইসলাম ও রাকিব নেওয়াজ আহমেদ।
এই ইভেন্টে শ্রীলঙ্কাকে ২২৭-২১২ স্কোরে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে স্বাগতিক ইরাক।
কাজাখস্তানের বিপক্ষে হিমু-তরিকুলদের শুরুটা হয় সাদামাটা। প্রথম সেটে ৫৫-৫৩ পয়েন্টে হেরে যান তারা। দ্বিতীয় সেটে আরও বিবর্ণ হিমু-তরিকুলরা। ৫৯-৫৪ ব্যবধানে হেরে পিছিয়ে পড়েন আরও।
তৃতীয় সেটে ৫৭-৫৭ ড্রয়ের পর, চতুর্থ সেটে ৬০-৫৯ ব্যবধানে জিতলেও শুরুর ঘাটতি পুষিয়ে নেওয়া হয়নি বাংলাদেশের। রুপা নিয়েই ছাড়তে হয় মাঠ।
এই বিভাগে দল সংখ্যা মোট চারটি হওয়ায় সরাসরি সেমি-ফাইনাল হয়েছিল। সেখানে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২৩১-২১৫ স্কোরে হারিয়ে উঠেছিল ফাইনালে। কাজাখস্তান ২২৯-২১৮ ব্যবধানে হারিয়েছিল ইরাককে।
