মেসিদের ইতিবাচক থাকতে বললেন আর্জেন্টিনা কোচ
সৌদি আরবের বিপক্ষে ম্যাচের ভুল শুধরে সামনে এগোতে চায় আর্জেন্টিনা।
বিশ্বকাপ অভিযানের শুরুতে সৌদি আরবের বিপক্ষে হেরে স্বাভাবিকভাবে খেলোয়াড়দের মতো হতাশ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও। তবে এই ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। তাই শিষ্যদের ইতিবাচক থাকার আহ্বান জানালেন স্কালোনি।
দোহার লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে হারে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসের বড় অঘটনগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে এটিকে।
ফিফা র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা শক্তি, সামর্থ্য, অভিজ্ঞতা- সব দিক থেকে এগিয়েই ম্যাচটি শুরু করে। দশম মিনিটে পেনাল্টি গোলে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। এরপর প্রথমার্ধে আরও তিনবার তারা জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে আর্জেন্টিনাকে যে ধাক্কা দেয় সৌদি আরব, তা আর কাটিয়ে উঠতে পারেনি কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, পরের ম্যাচের আগে ভুলগুলো বিশ্লেষণ করবেন তারা।
“আজ একটি হতাশার দিন, কিন্তু আমরা সবসময় বলে থাকি, জেগে ওঠো এবং এগিয়ে যাও। ম্যাচের আগে আমাদের ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছিল, কিন্তু বিশ্বকাপে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই ম্যাচে যে ব্যাপারগুলো ভালোভাবে কাজে লাগেনি, তা নিয়ে কাজ করতে হবে।”
স্কালোনির মতে, প্রথম গোল হজমের আগে সবকিছু তাদের পক্ষেই ছিল।
“আমি মনে করি প্রথমার্ধ আমাদেরই ছিল, কিন্তু একটি গোলই সবকিছু বদলে দিতে পারে।”
নিজেদের পরবর্তী ম্যাচে আগামী শনিবার আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো। গ্রুপের অন্য দল পোল্যান্ড।
