৭ গোলের উৎসব করে নতুন চ্যালেঞ্জ নিলেন স্কালোনি
তবে গত কয়েক বছরে দলকে ঘিরে সমর্থকদের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণ করা খুব কঠিন হবে, বুঝতে পারছেন আর্জেন্টিনা কোচ।
মেসি-পরবর্তী যুগে প্রথম জয় পেয়েছে আর্জেন্টিনা এবং সেটা তারা করেছে অসাধারণ পারফরম্যান্সে, ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া চাপ ধরে রেখে। তারুণ্যনির্ভর দল নিয়ে কোস্টা রিকাকে এভাবে গুঁড়িয়ে দিতে পারায় উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনাও দেখতে শুরু করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
ফুটবলের মহাতারকা লিওনেল মেসি গত মাসে বিদায় নেওয়ার পর, চার দিন আগে উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে ২-১ গোলে হেরে বসে আর্জেন্টিনা। দীর্ঘদিনের অধিনায়ক এবং অনেক সাফল্যের কাণ্ডারিকে হারিয়ে দল এলোমেলো হয়ে পড়তে পারে, অনেকের সেই শঙ্কাই যেন বাস্তব হওয়ার ইঙ্গিত মেলে ওই হারে।
তবে সব আশঙ্কা পেছনে ফেলে, ঘুরে দাঁড়াতে একদমই সময় নিল না স্কালোনির দল। বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হওয়া প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে ৭-০ গোলে উড়িয়ে দেয় তারা। দুটি করে গোল করেন হুলিয়ান আলভারেস, নিকো পাহ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এবং অন্য গোলটি করেন আলেক্সিস মাক আলিস্তের।
এমন দাপুটে জয়ের মাঝে আগামীতে দারুণ কিছু করার প্রেরণা পাচ্ছেন স্কালোনি। তবে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সামনের চ্যালেঞ্জ বাছাইয়ে সতর্ক হওয়ার প্রয়োজন দেখছেন তিনি।
“আমাদের বেশ শক্ত একটা ভিত তৈরি হয়েছে। আগামী বছরের জন্য আমাদের সতর্কভাবে প্রতিপক্ষ নির্ধাচন করতে হবে। আমরা লড়াই করতে চাই। এভাবে এগিয়ে যেতে চাই, এমন দল হয়ে উঠতে চাই, যাদের বিপক্ষে লড়াই করা কঠিন।“
তবে গত কয়েক বছরে টানা দুটি কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতে এবং একই ধারাবাহিকতায় উত্তর আমেরিকা বিশ্বকাপের ফাইনালে উঠে যেভাবে প্রত্যাশার পারদ উঁচুতে তুলেছে আর্জেন্টিনা, তা একই জায়গায় ধরে রাখা খুব কঠিন হবে, জানেন স্কালোনি।
“এমন দল হতে চাই, যারা জানে কীভাবে রক্ষণ সামলাতে ও আক্রমণ করতে হয়। ফুটবলে এই মান ধরে রাখা কঠিন, এবং একইভাবে এগিয়ে যাওয়া বেশ চ্যালেঞ্জিংও বটে।”
