১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

নতুন যুগের শুরুটা হতাশার হলেও খুব চিন্তিত নয় আর্জেন্টিনা

উরুগুয়ের বিপক্ষে হারতে হলেও দলের পারফরম্যান্সে আশার জায়গা দেখছেন হুলিয়ান আলভারেস।

নতুন যুগের শুরুটা হতাশার হলেও খুব চিন্তিত নয় আর্জেন্টিনা

হুলিয়ান আলভারেস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 04:56 PM

Updated : 14 Nov 2026, 04:56 PM

উরুগুয়ের বিপক্ষে আক্রমণে আধিপত্য করেও জয় না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশা কাজ করছে আর্জেন্টিনা শিবিরে। তবে ফল বিপক্ষে গেলেও, পারফরম্যান্সের অন্যান্য দিকগুলো ভালো হয়েছে বলেই মনে করছেন হুলিয়ান আলভারেস।

দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও ফুটবল মহানায়ক লিওনেল মেসি অবসর নেওয়ার পর, বাংলাদেশ সময় শনিবার প্রথম মাঠে নামে আর্জেন্টিনা। ঘরের মাঠে অধিকাংশ সময় পজেশন রেখে ইতিবাচক ফুটবলই খেলে তারা; কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় ২-১ গোলে হেরে যায় দলটি।

বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্ভাগ্যজনকভাবে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। সেন্টার-ব‍্যাক লিওনার্দো বালের্দির মাথায় লেগে বল তাদেরই জালে জড়ায়। আর পাঁচ মিনিট পর মাক্সি আরাউহো ব্যবধান দ্বিগুণ করলে ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন হয়ে পড়ে স্বাগতিকদের।

৭৩তম মিনিটে একটি গোল শোধ করে দলের আশা নতুন করে জাগান আলভারেস। প্রেস্তিয়ান্নির কাটব‍্যাকে দুই ডিফেন্ডারের কড়া পাহারার মধ‍্যে থেকে আড়াআড়ি শট নেন আলভারেস, দূরের পোস্টে লেগে বল জড়ায় জালে।

বাকি সময়ে প্রতিপক্ষের রক্ষণে প্রবল চাপ ধরে রাখে আর্জেন্টিনা; কিন্তু কাজের কাজ আর করতে পারেনি তারা। তাতে মেসি পরবর্তী যুগের সূচনাটা হতাশায় হলেও, এই পারফরম্যান্সের মাঝেই ঘুরে দাঁড়ানোর রসদ দেখছেন আলভারেস।

“গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল এবং আমরা এটা জিততে চেয়েছিলাম। ফল বাদে, আমরা কিছু কাজ ভালো করেছি। তবে উন্নতির জায়গা তো সবসময়ই থাকে। কোচ যা চেয়েছিলেন, তার কিছুটা আমরা করতে পেরেছি।

“সামনে আরেকটি ম্যাচ আছে। দলে অনেক নতুন খেলোয়াড় নিয়ে আমাদের নতুন এক যুগের শুরু হয়েছে। অন্যরা যে লেগ্যাসি রেখে গেছেন, সেটা ধরে রাখতে আমাদের কাজ করে যেতে হবে।”

বছরের শেষ ম্যাচে কোস্টা রিকার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। কর্দোবায় বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর পাঁচটায় শুরু হবে ম্যাচটি।