২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফেভারিট নই তবে বিশ্বকাপে লড়াই করব’

বিশ্বকাপ জেতার লক্ষ্যের কথা জানিয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার দারউইন নুনেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2022, 01:55 PM

Updated : 17 Nov 2022, 01:55 PM

কাতার বিশ্বকাপে ফেভারিটের তকমা নেই গায়ে। তবে প্রথম ম্যাচ থেকে শেষ পর্যন্ত লড়াই করে শিরোপা জেতার ব্যাপারে আত্মবিশ্বাস আছে দারউইন নুনেসের। প্রথমবারের মতো বিশ্ব আসরে সুযোগ পাওয়া এই স্ট্রাইকার বলেছেন, শেষ বিন্দু দিয়ে চেষ্টা করবে উরুগুয়ে।

আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে আগামী রোববার প্রথম মাঠে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

এর আগে আবু ধাবিতে অনুশীলন করছে লাতিন আমেরিকার দেশটি। ম্যাচের আগের দিন অর্থাৎ শনিবার কাতার যাবে উরুগুয়ে দল। অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের নুনেস বলেন, তার চোখে বিশ্বকাপে কোনো দলই ছোট বা দুর্বল নয়।

“আমরা এটি জেনেই এখানে এসেছি যে, আমরা ফেভারিট নই। তবে আমরা লড়াই করব। চার বছর আগে আমি টিভিতে বসে এই টুর্নামেন্ট দেখেছি। এখন সব তারকাদের সঙ্গে এখানে। এটি তো সবে শুরু।”

“প্রথম লক্ষ্য অবশ্যই প্রথম ম্যাচ। দক্ষিণ কোরিয়া শক্তিশালী দল। তারা নির্দিষ্ট লক্ষ্য নিয়েই বিশ্বকাপে এসেছে। সব দলই শক্তিশালী। আমরাও তাই। আমরা যত দূর সম্ভব যেতে চাই। আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা।”

১৯৫০ সালে মারাকানা ট্র্যাজেডির জন্ম দিয়ে নিজেদের দ্বিতীয় ও শেষ শিরোপা জিতেছিল উরুগুয়ে। এরপর ফুটবলের বিশ্ব মঞ্চে তেমন সাফল্য পায়নি তারা। সাম্প্রতিক সময়ে ২০১০ সালের আসরে সেমি-ফাইনালে খেলা তাদের সেরা অর্জন।

এবার কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে রয়েছে লাতিন আমেরিকার দেশটি। দক্ষিণ কোরিয়া ম্যাচের পর গ্রুপপর্বে তারা লড়বে পর্তুগাল ও ঘানার বিপক্ষে।