শেষ টেস্টে ফিরছেন ‘ব্যাটসম্যান’ গ্রিন
চোট কাটিয়ে এত দ্রুত মাঠে ফিরতে পেরে ক্যামেরন গ্রিন নিজেই অবাক, যদিও ‘অলরাউন্ডার’ পরিচয় ফিরে পাচ্ছেন না এখনই।
অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মাঠে ফিরছেন ক্যামেরন গ্রিন। চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে মাঠে নামবেন তিনি। তবে তার পরিচয় বদলে যাবে। অনুশীলনে যদিও বোলিং করেছেন, তবে এখনই টেস্টে এখনও বোলিং করার অবস্থায় তিনি নেই। কেপ টাউনে স্রেফ ব্যাটসম্যান হিসেবেই খেলবেন ২৭ বছর বয়সী ক্রিকেটার।
এই সফরেই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পেটের নিচের অংশে চোট পাওয়ায় প্রথম দুই টেস্টে খেলতে পারেননি গ্রিন। শেষ টেস্টেও খেলার আশা তার খুব একটা ছিল না। শুধু ব্যাটসম্যান হিসেবে খেলার মতো অবস্থায় আসতে পেরেও তাই তিনি চমকে গেছেন নিজেও।
“আমি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। চোটটা এত দ্রুত সেরে যাওয়ায় বা মাত্র কয়েক সপ্তাহ পরেই কতটা কর্মক্ষম বোধ করছি, তাতে আমি নিজেও বেশ অবাক।”
সিরিজের প্রথম টেস্টে দারুণ জয় পেলেও পরের টেস্টে প্রায় দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও বাজেভাবে হেরে যায় অস্ট্রেলিয়া। তাদের ব্যাটিং দুর্বলতা প্রকাশ্য হয়েছে প্রবলভাবেই। গ্রিনকে ফিরে পেতে তাই দল ছিল প্রায় মরিয়া।
গ্রিন ফেরায় একাদশে একটি পরিবর্তন নিশ্চিতভাবেই হচ্ছে। তিনি কার বদলে ফিরবেন এবং কোথায় ব্যাট করবেন, সেটিও এখন মূল কৌতূহল। আপাতত সুতোয় ঝুলতে মার্নাস লাবুশেন, নিক ম্যাডিনসন ও বাউ ওয়েবস্টারের জায়গা।
লাবুশেনের জায়গায় ফিরলে গ্রিনের সম্ভাব্য পজিশন তিন নম্বর। তবে দীর্ঘদিন ধরে ফর্ম ফিরে পেতে লড়তে থাকা লাবুশেন আগের টেস্টে চরম দৃষ্টিকটূ শটে আউট হলেও আরেকটি সুযোগ পেয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ম্যাডিনসনের জায়গায় গ্রিন খেললে দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে হবে। সেক্ষেত্রে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে উঠে আসতে হবে ম্যাট রেনশকে। কিন্তু প্রথম টেস্টে মিডল অর্ডারে খেলে ২৭২ রান করা ব্যাটসম্যানকে আবার নতুন বলের পরীক্ষায় ফেলা হবে কি না, সেটিও বড় প্রশ্ন।
ওয়েবস্টারের বদলে গ্রিন ফিরলে তাকে ব্যাট করতে হবে ছয়-সাত নম্বরে। তবে গ্রিন যেহেতু বোলিং করতে পারবেন না, ওয়েবস্টার না থাকলে বাড়তি একজন বোলার হারাবে দল।
সব মিলিয়ে বেশ কঠিন পরীক্ষার মুখে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট। গ্রিন যদিও মিডল অর্ডারে খেলতেই বেশি স্বস্তি বোধ করেন, তবে যেকোনো পজিশনে খেলার দুয়ারও খোলা রাখলেন।
“আমার মনে হয়, ব্যাটিং অর্ডারের ওপরে ও নিচের দিকে, সব জায়গায় খেলার যথেষ্ট অভিজ্ঞতা আমার আছে। আমি মনে করি, চার ও পাঁচ নম্বর পজিশনে আমি বেশি মানানসই। কিন্তু এটা স্পষ্ট যে, আমাদের দলে বেশ কিছু অসাধারণ ক্রিকেটার এই পজিশনগুলোতে ব্যাট করেছেন। তাই দলের চাহিদা অনুযায়ী ব্যাটিং অর্ডারে ওপর-নিচ করতে হলে খুশিমনেই করব।”
সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচটি শুরু মঙ্গলবার।
