২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের আঙিনায় প্রয়াত মারাদোনাকে স্মরণ

দুই বছর আগে এই দিনে ওপারে পাড়ি দেওয়া কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়েছেন তার সতীর্থরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2022, 09:52 PM

Updated : 25 Nov 2022, 09:51 PM

দুই বছর আগে এই দিনে ওপারে পাড়ি দেওয়া দিয়েগো মারাদোনাকে স্মরণ করল কাতার বিশ্বকাপ। তাকে শ্রদ্ধা জানাতে জড়ো হলেন তার সাবেক সতীর্থরা। 

৬০ বছর বয়সে ২০২০ সালের ২৫ নভেম্বর মৃত্যুবরণ করেন মারাদোনা। শুক্রবার ছিল তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। 

একটা সময় আর্জেন্টিনার ম্যাচ মানেই গ্যালারিতে মারাদোনার উজ্জীবিত উপস্থিতি ছিল স্বাভাবিক ঘটনা। বিশ্বকাপ হলে তো কথাই নেই। দলের সাফল্যে তার উচ্ছ্বাস, ব্যর্থতায় বেদনাহত মুখ ছিল চেনা দৃশ্য। 

আজ সেই চেনা দৃশ্যের দেখা নেই; কিন্তু মারাদোনা ঠিকই আছেন ভক্ত-সমর্থকদের মনে। এখনও তার জার্সি পরেন ভক্তরা। ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে তার করা ‘হ্যান্ড অব গড’ কিংবা ‘গোল অব দা সেঞ্চুরি’, আরও কত কিছু নিয়ে আলোচনা হয় এখনও। 

সর্বকালের সেরা ফুটবলারদের একজন মারাদোনাকে এদিন স্মরণ করা হয় দোহায় ‘কনমেবল ট্রি অব ড্রিমস’-তে। যেখানে মারাদোনার সাবেক সতীর্থদের শুভেচ্ছা জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্রতিটি বিশ্বকাপে মারাদোনার জন্য এমন একটি আয়োজন চান তিনি। 

“শুধু দিয়েগোকে শ্রদ্ধা জানানো নয়, তার জন্য উদযাপন করা উচিত আমাদের। আমি চাই, ভবিষ্যতে প্রতিটি বিশ্বকাপে দিয়েগো আরমান্দো মারাদোনাকে উদযাপন করার একটি দিন থাকুক।” 

১৯৮৬ সালে মারাদোনার নৈপুণ্যে নিজেদের দ্বিতীয় ও সবশেষ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ওই আসর এবং ১৯৯০ আসরে মারাদোনার সঙ্গে খেলেছেন রিকার্দো জিউস্তি। শুক্রবারের আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক এই মিডফিল্ডার।

দেশটির আরেক তারকা ফুটবলার, বর্তমানের সেরাদের একজন লিওনেল মেসি। মারাদোনার সঙ্গে যার প্রায়ই তুলনা চলে, যা পছন্দ নয় জিউস্তির। 

“আমরা তাদের তুলনা করতে পারি না। বলতে পারি না যে, একজন আরেক জনের চেয়ে ভালো। তারা দুই রকম। দুইজনই জিনিয়াস এবং আর্জেন্টাইন। তাদেরকে আমাদের উপভোগ করতে হবে।” 

চলতি আসরে আর্জেন্টিনার শুরুটা হয়েছে বাজে। শক্তিতে অনেক পিছিয়ে থাকা সৌদি আরবের বিপক্ষে তারা হেরে গেছে ২-১ গোলে। মেসির স্পট কিকে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে হারে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

শেষ ষোলোর ওঠার সম্ভবনা জোরাল রাখতে মেক্সিকোর বিপক্ষে শনিবার মুখোমুখি হবে আর্জেন্টিনা। 

১৯৮৬ বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ে শেষ দিকে জয়সূচক গোলটি করা হোর্হে বুরুচাগা বলেন, সামনের ম্যাচগুলোতে কোনো ধরনের ভুল করার সুযোগ নেই তার উত্তরসূরিদের। 

“আশা করি, আগামীকাল লিও (মেসি) সেই খেলাটা খেলবে, যা সবাই চায়। আর আমরা আজ দিয়েগোর প্রতি যে শ্রদ্ধা নিবেদন করছি, একজন ফুটবল জিনিয়াস, যে কিনা অনেক মানুষকে নাড়া দিয়েছেন তার জন্য অন্তত এইটুকু করা যায়।”