২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একরাশ হতাশায় শেষ মার্তিনেসের বেলজিয়াম অধ্যায়

দল বিশ্বকাপ জিতলেও একই সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন এই স্প্যানিশ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2022, 10:28 PM

Updated : 02 Dec 2022, 10:28 PM

বহুল আলোচিত বেলজিয়ামের সোনালী প্রজন্মের দায়িত্বে ছিলেন রবের্তো মার্তিনেস। দলে শক্তির কোনো ঘাটতি ছিল না। বরং তারকায় ঠাসা ছিল স্কোয়াড। প্রত্যাশা ছিল সাফল্যের চূড়ায় ওঠার। কয়েক দফায় সম্ভাবনাও জাগে। কিন্তু শেষ পর্যন্ত মিলল না কিছুই। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে দল ছিটকে যাওয়ার পর বিদায় বলে দিলেন মার্তিনেস।

র্যাঙ্কিংয়ে তিন নম্বর স্থানে থেকে কাতার বিশ্বকাপ খেলতে আসা বেলজিয়াম দলকে ধরা হচ্ছিল ফেভারিট দলগুলোর একটি হিসেবে। তবে আজার-ডে ব্রুইনে-কোর্তোয়াদের নিয়ে গড়া তারকাসমৃদ্ধ দলটি নিজেদের মেলে ধরতে ব্যর্থ।

‘ই’ গ্রুপে প্রথম ম্যাচে কানাডাকে ১-০ গোলে হারালেও ওই ম্যাচে খুব একটা প্রাধান্য বিস্তার করতে দেখা যায়নি বেলজিয়ামকে। পরের ম্যাচে মরক্কোর কাছে ২-০ গোলে হেরে শেষ ষোলোর সমীকরণ কঠিন করে তোলে মার্তিনেসের দল।

ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি তাই দলটির জন্য ছিল বাঁচা-মরার। গোলশূন্য ড্র ম্যাচটিতে গোলের কয়েকটি দারুণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বেলজিয়াম। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় মরক্কো।

৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ ক্রোয়াটরা। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে বাদ পরে যায় ২০১৮ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা বেলজিয়াম।

ক্রোয়েশিয়া ম্যাচের পরপরই ব্রডকাস্টারের ‘বেলজিয়ামের কোচের দায়িত্ব চালিয়ে যাবেন কি-না’ প্রশ্ন এড়িয়ে যান মার্তিনেস। কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে সরে যাওয়ার ঘোষণা দেন এই স্প্যানিয়ার্ড।

২০১৬ সালে বেলজিয়ামের কোচের দায়িত্ব নেন মার্তিনেস। এই বিশ্বকাপ শেষেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ক্রোয়েশিয়া ম্যাচের পর ৪৯ বছর বয়সী এই কোচ সংবাদ সম্মেলনে বলেন, দল চ্যাম্পিয়ন হলেও বিশ্বকাপের পরই সরে দাঁড়াতেন তিনি।

“জাতীয় দলের কোচ হিসেবে এটিই আমার শেষ ম্যাচ। বিষয়টা আবেগের। আমি চালিয়ে যেতে পারব না। আমি খেলোয়াড় ও কর্মীদের বিদায় জানিয়েছি। ফলাফল যাই হোক না কেন, আমি সরে যেতামই। এমনকি আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হলেও। বিশ্বকাপ শুরুর আগেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”

এবারের আসরে তিন ম্যাচে মাত্র এক বার জালের দেখা পেয়েছে বেলজিয়াম। মার্তিনেস মনে করেন, বিশ্ব সেরার মঞ্চে নিয়মিত গোল না করে পার পাওয়া কঠিন।

“বিশ্বকাপে ম্যাচ জেতা কখনোই সহজ নয়। প্রথম ম্যাচে আমরা কানাডার বিপক্ষে জিতেছিলাম (১-০), কিন্তু আমরা নিজেদের মতো খেলতে পারিনি। মরক্কোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে (২-০) হার আমাদের প্রাপ্য ছিল। আমরা লড়াইয়ের জন্য যেন প্রস্তুতই ছিলাম না।”

“(ক্রোয়েশিয়ার বিপক্ষে) আজ আমরা অনেক সুযোগ তৈরি করেছি। আমার কোনো অনুশোচনা নেই। আমরা মাথা উঁচু করে বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারি।”

মার্তিনেসের হাত ধরে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল বেলজিয়াম। একসময় তো রীতিমত অপ্রতিরোধ্য হযে উঠেছিল তারা। রাশিয়া বিশ্বকাপে শিরোপার আশায় উঠেছিল সেমি-ফাইনাল, জায়ান্ট ব্রাজিলকে কোয়ার্টার-ফাইনালে হারিয়ে।

কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে তারা হেরে যায় ফ্রান্সের বিপক্ষে। পরে ইংল্যান্ডকে হারিয়ে সান্ত্বনার তৃতীয় স্থান অর্জন করে বেলজিয়াম।

এবার যেতে পারল না তার ধারেকাছেও। হতশ্রী ফুটবলে সমর্থকদের উপহার দিল কেবলই হতাশা।