২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদের ভালোবাসাই আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর জ্বালানি

প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দল নতুনভাবে উজ্জীবিত হয়, বলছেন কোচ লিওনেল স্কালোনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 10:04 AM

Updated : 14 Dec 2022, 10:04 AM

শেষের মঞ্চে দাঁড়িয়ে শুরুর ধাপটা আর চোখে পড়ছে? প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারকে মনে হচ্ছে যেন কোনো সুদূর অতীতের ঘটনা। তবে লিওনেল স্কালোনি ভোলেননি সেই ম্যাচ। ফাইনালে পা রেখে আর্জেন্টিনার কোচ বলছেন, প্রথম ম্যাচের পরাজয়ের পর সমর্থকদের যেভাবে পাশে পেয়েছেন তারা, সেটিই তাদের উজ্জীবিত করেছে দারুণভাবে ঘুরে দাঁড়াতে। 

তিন বছর ধরে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে আসে আর্জেন্টিনা। তাদের সামনে তখন টানা অপরাজেয় থাকার বিশ্বরেকর্ডের হাতছানি। কিন্তু প্রথম ম্যাচেই তারা অভাবনীয়ভাবে হেরে বসে সৌদি আরবের কাছে। 

ওই ম্যাচের পর টানা দুটি ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়েই পরের ধাপে পা রাখে স্কালোনির দল। এরপর শেষ ষোলো, কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালের বাধা টপকে এখন তারা শিরোপা জয়ের মঞ্চে। 

ট্রফির সুবাস পেয়ে স্কালোনি ফিরে তাকাচ্ছেন প্রথম ম্যাচের পরের দৃশ্যপটে। হারার পরও সমর্থকদের ভালোবাসার উত্তাপ যেভাবে পেয়েছেন তখন, সেখান থেকেই থেকে তারা খুঁজে নিয়েছেন সামনে ছুটে চলার জ্বালানি। 

“সৌদি আরবের কাছে হারার পর আমাদের সমর্থকদের, গোটা দেশের ও আমাদের মানুষের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা ছিল অসাধারণ। সেখান থেকেই আমরা শক্তি ও প্রেরণা পাই নিজেদের গুছিয়ে নেওয়ার।” 

প্রথম ম্যাচে হারার পর টানা পাঁচ জয়ে আর্জেন্টিনা এখন বিশ্বকাপের ফাইনালে। শিরোপার খুব কাছে গিয়ে স্কালোনি চেষ্টা করছেন স্বাভাবিক থাকতে। তবে আবেগের এই জোয়ারে নিজেকে ধরে রাখা কঠিন, বলছেন আর্জেন্টিনা কোচ। 

“আবেগপ্রবণ না হওয়ার চেষ্টা করছি আমি তবে তা কঠিন। কারণ প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্নের ঠিকানায় আছি আমি। বিশ্বমঞ্চে নিজ দেশের প্রতিনিধিত্ব করা অনেক আবেগের ব্যাপার।” 

“ম্যাচ জয়-হার আসতেই পারে। কিন্তু এই সাফল্য এই ছেলেদের ব্যাপার, আমাদের দেশের মানুষের ব্যাপার। পরাজয়েও তারা আমাদের পাশে ছিল, এরকম কিছুর অভিজ্ঞতা আমার আগে ছিল না।”