২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘এমবাপে এখনও সেরাটা দিতে পারেনি’

তবে পোল্যান্ডের বিপক্ষে যেমন এমবাপেকে চেয়েছে ফ্রান্স তেমনই পেয়েছে, বললেন দলটির কোচ দিদিয়ে দেশম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2022, 05:01 PM

Updated : 05 Dec 2022, 05:51 PM

মাঠে নামলেই গোল ধরা দিচ্ছে কিলিয়ান এমবাপের পায়ে। হয়ে যাচ্ছে একের পর এক রেকর্ড। চলতি বিশ্বকাপে ছুটছেন তিনি দুর্বার গতিতে। তবুও তার পারফরম্যান্সে যেন মন ভরছে না দিদিয়ে দেশমের। ফ্রান্স কোচের মতে, এই ফরোয়ার্ডের এখনও সেরাটা দেওয়া বাকি।

শেষ ষোলোর লড়াইয়ে রোববার পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স। শিরোপাধারীদের হয়ে ম্যাচে দুটি গোল করেন এমবাপে। অলিভিয়ে জিরুদের করা গোলেও ছিল তার অবদান।

কাতার আসরে এনিয়ে পঞ্চম গোল করলেন এমবাপে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। রাশিয়া আসরে শিরোপা ঘরে তোলার পথে তার গোল ছিল চারটি। সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপের গোল হলো মোট ৯টি। বয়স ২৪ বছর হওয়ার আগে বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ব্রাজিল কিংবদন্তি পেলেকে (৭) ছাড়িয়ে এককভাবে চূড়ায় এখন তিনি।

পোল্যান্ডের সঙ্গে করা দুই গোলের প্রথমটিতে বিশ্বকাপের আরেকটি রেকর্ড ভেঙে দেন এমবাপে। পর্তুগিজ গ্রেট ইউজেবিওর সবচেয়ে কম বয়সে বিশ্ব মঞ্চে আট গোলের রেকর্ডও এখন তার। ২৪ বছর ১৮২ দিন বয়সে ৮টি গোল করেছিলেন ইউজেবিও। এমবাপে তা করে ফেললেন ২৩ বছর ৩৪৯ দিন বয়সে।

বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি গোল করার কীর্তি নিজের করে নেওয়ার পথে ছুটছেন এমবাপে। দেশটির হয়ে ১৯৫৮ আসরে ১৩টি গোল করেছিলেন জুস্ত ফঁতেইন, যা এখনও রেকর্ড।

একের পর এক দারুণ পারফরম্যান্স দিয়ে চলা এমবাপে এখনও সেরাটা দিতে পারেনি বলেই মনে করছেন দেশম। তবে সংবাদ সম্মেলনে বলেছেন, পোলিশদের বিপক্ষে দলের চাওয়া মেটাতে পেরেছেন এমবাপে।

“আমরা কিলিয়ানকে চিনি। এরই মধ্যে তাকে দেখেছি। সে ফুটবল মাঠে কথা বলে। আজ রাতে (রোববার) সে তার সেরা ম্যাচ খেলেনি। আমি তাকে কোনো কিছুর জন্য অভিযুক্ত করতে চাই না। সে নিজেই সেটা জানে। মুহূর্তেই সে ম্যাচের গতি বদলে দিতে পারে।”

“সে খুব আনন্দের সঙ্গে খেলে। আমরা চাই তার সঙ্গে হাসিগুলোতে ভাগ বসাতে। আজকে ফ্রান্সের প্রয়োজন ছিল দুর্দান্ত কিলিয়ান এমবাপের এবং সেই প্রয়োজন সে মিটিয়েছে।”

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স।