০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বায়ার্ন ম্যাচের আগে ‘অবিশ্বাস্য’ কেইনকে অভিনন্দন জানালেন সিমেওনে

ব্যালন দ’র জয়ী ইংলিশ তারকার গোল করার সহজাত সামর্থ্যের ভূয়সী প্রশংসা করেছেন আতলেতিকো মাদ্রিদ কোচ।

বায়ার্ন ম্যাচের আগে ‘অবিশ্বাস্য’ কেইনকে অভিনন্দন জানালেন সিমেওনে

হ্যারি কেইন (বাঁয়ে) ও দিয়েগো সিমেওনে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 11:22 PM

Updated : 02 Nov 2026, 11:22 PM

হ্যারি কেইন যোগ্য হিসেবেই ব্যালন দ’র জিতেছেন বলে মনে করেন দিয়েগো সিমেওনে। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের আগে ইংলিশ তারকাকে প্রশংসায় ভাসালেন আতলেতিকো মাদ্রিদ কোচ। 

গত সপ্তাহে ক্যারিয়ারে প্রথমবার ব্যালন দ’র জেতেন কেইন। পঞ্চম ইংলিশ খেলোয়াড় হিসেবে বর্ষসেরা ফুটবলারের এই স্বীকৃতি পান তিনি। 

এই স্ট্রাইকার ২০২৫-২৬ মৌসুমে বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেন ৬১টি, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে ১৯টি বেশি। এছাড়া দেশের হয়ে ১২টি গোল করেন তিনি। 

৩৩ বছর বয়সি এই ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের হয়ে নিজের সবশেষ ১০ ম্যাচেই জালের দেখা পেয়েছেন। মঙ্গলবার আতলেতিকোর বিপক্ষে গোল করতে পারলে ইউরোপ সেরার প্রতিযোগিতাটির ইতিহাসে টানা গোল করার রেকর্ডে ভাগ বসাবেন তিনি।

২০১৭ সালের জুন থেকে ২০১৮ সালের এপ্রিলের মধ্যে রেয়াল মাদ্রিদের হয়ে টানা ১১ ম্যাচে গোল করে রেকর্ডটি গড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। 

কেইনের ব্যালন দ’র জয় নিয়ে সোমবারের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে তার ভূয়সী প্রশংসা করেন সিমেওনে। 

“প্রথমত, ব্যালন দ’র জয়ের জন্য তাকে অভিনন্দন জানাতে চাই আমি; সে যথার্থভাবেই এটি জিতেছে। এটি অবিশ্বাস্য। সে অসাধারণ এক খেলোয়াড়; আমি সবসময়ই তার শ্রদ্ধা করে এসেছি। তার উন্নতি ও বিকাশ নিয়ে আমার কোনো সংশয় নেই, যা তাকে গোল করার সহজাত সামর্থ্য অটুট রেখেই সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ করে দিয়েছে।

“সে তার কাজের প্রতি নিবেদিত; প্রয়োজনের সময় সে সর্বদা দলকে কঠিন পরিস্থিতি থেকে টেনে তোলার জন্য প্রস্তুত থাকে। সে একজন সত্যিকারের গোলস্কোরার। তার এই প্রতিভার জন্য আমি তাকে অভিনন্দন জানাই, কারণ এটি খেলার মান উন্নত করে এবং তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করে, কঠোর পরিশ্রমের মাধ্যমে কীভাবে উচ্চ পর্যায়ে পৌঁছানো যায়, সেটির দৃষ্টান্ত রেখে যায়।”

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থেকে ঘরের মাঠে বায়ার্নের মুখোমুখি হচ্ছে আতলেতিকো। এই ৯ ম্যাচের আটটিতেই তারা জিতেছে, যার মধ্যে আছে লা লিগায় রেয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের ডার্বি জয়। 

চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় বর্তমানে ১৬তম স্থানে আছে আতলেতিকো। তাদের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে ১৪তম স্থানে আছে বায়ার্ন, যারা এই প্রতিযোগিতায় নিজেদের সবশেষ দুটি ম্যাচে ড্র করেছে। 

দলের কাছে আতলেতিকো কোচের চাওয়া ধারাবাহিকতা ধরে রাখা। 

“দলে ভারসাম্য ও ধারাবাহিকতা বজায় রাখা সবচেয়ে কঠিন কাজ, আর সব কোচই ঠিক এটাই চান। আমাদের এই ভালো সময়টা উপভোগ করতে হবে এবং উজ্জীবিত হয়ে সামনের ম্যাচগুলোর দিকে এগিয়ে যেতে হবে।”