২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারের বিধিনিষেধে মরক্কো সমর্থকদের ফ্লাইট বাতিল

শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে এসব ফ্লাইট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 09:29 PM

Updated : 14 Dec 2022, 09:29 PM

বিশ্বকাপের সেমি-ফাইনাল সামনে রেখে মরক্কোর ভক্ত-সমর্থকদের দোহায় নিয়ে যাওয়ার জন্য বুধবারের পূর্ব নির্ধারিত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। কাতার কর্তৃপক্ষের বিধিনিষেধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল এয়ার মারোক (আরএএম)।

মরক্কোর সরকারি ও সবচেয়ে বড় বিমান সংস্থাটি বুধবার ইমেইলে বিবৃতিতে দিয়ে বিষয়টি জানিয়েছে।

এই বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগ করেছিল কাতার সরকারের আন্তর্জাতিক মিডিয়া অফিসের সঙ্গে। তবে তারা এতে সাড়া দেয়নি।

প্রথম আফ্রিকান দেশ হিসেবে এবার বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলছে মরক্কো। ফ্রান্সের বিপক্ষে তাদের ফাইনালে যাওয়ার লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত ১টায়।

আরএএম গত সোমবার জানিয়েছিল, ম্যাচটি দেখার জন্য ভক্তদের কাতারে যেতে সাহায্য করতে বিশেষ মূল্যছাড়ে তারা ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

তবে মঙ্গলবার আরএএম এজেন্সির একটি সূত্র জানায়, কেবল ১৪টি ফ্লাইটই নির্ধারিত ছিল।

বুধবারের সাতটি ফ্লাইট বাতিল হওয়ায় মঙ্গলবার কেবল সাতটি ফ্লাইট পরিচালনা করতে সমর্থ হয়েছিল আরএএম। ফলে আগে থেকে শেষ চারের ম্যাচটির টিকেট ও থাকার জন্য হোটেলের কক্ষ যারা বুকিং দিয়ে রেখেছিল, তাদের অনেকেই কাতারে যেতে পারেননি।

গ্রাহকদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিমানের টিকেটের অর্থ ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে আরএএম।

মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে আরএএম এর মুখপাত্র বা কাতার এয়ারওয়েজও সাড়া দেয়নি।