২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পেলের ক্যান্সার সারার আশা ছেড়ে দিলেন চিকিৎসকরা

অন্ত্রের ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপিতে এই ফুটবল কিংবদন্তির শরীর এখন আর সাড়া দিচ্ছে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2022, 08:56 PM

Updated : 03 Dec 2022, 09:49 PM

বিশ্বকাপের ডামাডোলের মধ্যে সারা বিশ্ব পেলেকে নিয়ে উদ্বিগ্ন। তাদের উৎকণ্ঠা বাড়িয়ে ব্রাজিল থেকে খবর এসেছে, প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে এই ফুটবল কিংবদন্তিকে।

অন্ত্রের ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপিতে ৮২ বছর বয়সী পেলের শরীর এখন আর সাড়া দিচ্ছে না।

একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলেকে গত বুধবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি।

মেডিকেল রিপোর্ট অনুযায়ী, পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসযন্ত্রের সংক্রমণ ধরা পড়ে। এতে স্বাভাবিকভাবে তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল।

ইএসপিএন ব্রাজিল বুধবার পেলেকে হাসপাতালে নেওয়ার খবর প্রকাশ করার পর তার মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে জানান, হঠাৎ সিদ্ধান্তে বা গুরুতর কোনো কারণে তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। এটা নিয়মিত চিকিৎসার অংশ।

দুই দিন পর শুক্রবার পেলে নিজেই ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে জানান, তিনি ভালো আছেন। হাসপাতালে তার নিয়মিত চিকিৎসা চলছে।

পেলের বর্তমান অবস্থা জানতে তার ম্যানেজার ও সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও, তাৎক্ষণিকভাবে কেউ কিছু জানায়নি।

শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় গত বছরের সেপ্টেম্বরের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছিল পেলেকে। সেখানেই তার বৃহদান্ত্রে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করা হয়। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর অক্টোবরের শুরুতে বাড়ি ফেরেন তিনি। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছিল তার।

তবে সাম্প্রতিক সময়ে কেমোথেরাপিতে প্রত্যাশিত ফলাফল না মেলায় তা আর দেওয়া হচ্ছে না বলে জানায় ব্রাজিলের দৈনিক পত্রিকা ‘ফোলহা ডি সাও পাওলো।’ এ প্রতিবেদনে বলা হয়েছে। এখন তার শরীরের ব্যথা ও শ্বাসকষ্টের চিকিৎসা চলছে।