২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আলভেস-জেসুসকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ মিশন

জায়গা হয়নি রবের্তো ফিরমিনো ও সম্প্রতি চোটে পড়া প্লেমেকার ফিলিপে কৌতিনিয়োর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 10:37 PM

Updated : 07 Nov 2022, 11:22 PM

সবশেষ গত সেপ্টেম্বরের দুটি প্রীতি ম্যাচের দলে ছিলেন না দানি আলভেস। তখন জায়গা হয়নি গাব্রিয়েল জেসুসেরও। স্বাভাবিকভাবেই তাই কাতার বিশ্বকাপের দলে তারা ডাক পাবেন কি-না, ছিল সংশয়। তবে বিশ্ব জয়ের অভিযানে ঠিকই অভিজ্ঞদের ওপর ভরসা রাখলেন ব্রাজিল কোচ তিতে।

আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। সেজন্য দল ঘোষণার সময়সীমা ১৪ নভেম্বর বেধে দিয়েছে ফিফা। তবে তিতে অত দেরি করলেন না। নিয়মিত ও ক্লাবের হয়ে ছন্দে থাকাদের নিয়ে সোমবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ।

বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য ফিরমিনো। লিভারপুলের হয়ে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১২ ম্যাচ খেলে ৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩টি।

এছাড়া ডাক পাননি অ্যাস্টন ভিলার প্লেমেকার ফিলিপে কৌতিনিয়ো। অবশ্য এ মৌসুমে চেনা ছন্দেও নেই সাবেক লিভারপুল ও বার্সেলোনা মিডফিল্ডার। তাছাড়া সম্প্রতি ঊরুর চোটে পড়ে ছিটকে গেছেন তিনি।

তিতের দলের সবচেয়ে উল্লেখযোগ্য নাম নিশ্চিতভাবেই আলভেস। বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষে গত জুলাইয়ে মেক্সিকোর ক্লাব পুমাস ইউএনএএমে যোগ দেন ৩৯ বছর বয়সী এই রাইট-ব্যাক। পরে সবশেষ আন্তর্জাতিক বিরতিতে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে দুই প্রীতি ম্যাচের দলে আন্তর্জাতিক ফুটবলে ১২৪ ম্যাচ খেলা তারকাকে বাদ দেন কোচ।

চার জন সেন্টার-ব্যাক নিয়ে দল সাজিয়েছেন তিতে। এখানে উল্লেখযোগ্য নাম গ্লেইসন বেহেমা। সেপ্টেম্বরের ওই দুই ম্যাচের দলেই প্রথমবার ডাক পান তিনি। এবার জায়গা পেয়ে গেলেন স্বপ্নের বিশ্বকাপ দলে। তাদের সঙ্গে আছেন দুই অভিজ্ঞ চিয়াগো সিলভা, এদের মিলিতাও ও মার্কিনিয়োস।

বিশ্বকাপ দলে তিতের সহকারী হিসেবে পিএসজির সাবেক কোচ রিকার্দো গোমেস কাজ করবেন বলেও জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

আগামী ১৪ নভেম্বর তুরিনে ইউভেন্তুসের ট্রেনিং কমপ্লেক্সে ক্যাম্পে যোগ দেবে ব্রাজিল দল। সেখানে পাঁচ দিনের অনুশীলন শেষে ১৯ নভেম্বর দোহায় যাবে তারা।

আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে ব্রাজিলের। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই সঙ্গী সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভেরতন (পালমেইরাস)।

ডিফেন্ডার: দানি আলভেস (পুমাস ইউএনএএম), দানিলো (ইউভেস্তুস), আলেক্স সান্দ্রো (ইউভেস্তুস), আলেক্স তেলেস (সেভিয়া), চিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিয়োস (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গ্লেইসন বেহেমা (ইউভেন্তুস)।

মিডফিল্ডার: কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাবিনিয়ো (লিভারপুল), ব্রুনো গিমারেস (নিউক্যাসল ইউনাইটেড), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), এভেরতন রিবেইরো (ফ্লামেঙ্গো)।

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল জেসুস (আর্সেনাল), আন্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফিনিয়া (বার্সেলোনা), রিশার্লিসন (টটেনহ্যাম হটস্পার), গাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রদ্রিগো (রিয়াল মাদ্রদি), পেদ্রো (ফ্লামেঙ্গো)।