২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে গম্ভীর আর্জেন্টিনা

মেক্সিকো ম্যাচে যে ভুলের সুযোগ নেই, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তা ‍খুব ভালো করেই জানেন।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

দোহা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2022, 10:49 PM

Updated : 25 Nov 2022, 11:05 PM

প্রত্যাশা ছিল উড়ন্ত শুরুর, হলো উল্টোটা। সৌদি আরবের বিপক্ষে হারের ধাক্কার রেশ যে এখনও কাটেনি, তা মেসি-মার্তিনেসদের অনুশীলনের পরতে পরতে ফুটে উঠল। 

এদিকে রাত গড়ালে মেক্সিকো ম্যাচের চ্যালেঞ্জ। আবার হারলেই বিদায়। তাইতো কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে শুক্রবার তাদের প্রস্তুতির আবহ রইল বেশ গুরুগম্ভীর। উৎসাহ আছে, ঘুরে দাঁড়ানোর পণ আছে, কিন্তু উচ্ছ্বাস নেই তেমন একটা। 

অথচ কাতার বিশ্বকাপে মাঠের লড়াই শুরুর আগ পর্যন্ত দলটির প্রস্তুতিতে ছিল এর উল্টো আবহ, ফুরফুরে মেজাজে ছিলেন মেসি-দি মারিয়ারা। যদিও গণমাধ্যম থেকে তারা দূরে থাকছিলেন, কিন্তু প্রস্তুতিতে তাদের দেখা যাচ্ছিল হাসিখুশি মুখে। 

বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচ সামনে রেখে বিশ্ববিদ্যালয় মাঠে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) শিষ্যদের নিয়ে প্রস্তুতিতে নামেন কোচ স্কালোনি। 

গণমাধ্যমকর্মীদের জন্য যথারীতি বরাদ্দ ছিল মাত্র ১৫ মিনিট। সহকর্মীদের নিয়ে বরাবরের মতো আগেই মাঠে এলেন স্কালোনি। চেহারায় সৌদি আরব ম্যাচে বিধ্বস্ত হওয়ার ছাপ নিয়ে এদিক-ওদিক পায়চারি করে বেড়ালেন কিছুটা সময়। এরপর সহকর্মীদের সঙ্গে ফের যোগ দিলেন আলোচনায়। একটু পর আবারও একাকী ডুব দিলেন ভাবনায়। 

লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পলদের সঙ্গে শুরুতেই অনুশীলনে নামলেন মেসি। কোচের সঙ্গেও কথা বললেন কিছুক্ষণ। দূর থেকে বসে শোনার উপায় কী দুজনের আলাপচারিতা, কিন্তু এটা পরিষ্কার মেক্সিকো ম্যাচের ছক কষতে কোচের মতো ব্যস্ত তিনিও। 

মূল অনুশীলনের আগে গা গরমের সময় মেসিকে অবশ্য দেখা গেল কখনও গম্ভীর রূপে, কখনও সতীর্থদের সঙ্গে গল্প করতে। হতে পারে সৌদি আরব ম্যাচের ব্যর্থতা ভুলতে কিংবা মেক্সিকো ম্যাচের চাপ থেকে মুক্ত থাকতে এই প্রাণান্ত চেষ্টা। 

দলের মহাভার কাঁধে নিয়ে ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে এসেছেন মেসি, কিন্তু পথচলার শুরুতে অবিশ্বাস্য হোঁচট খেয়ে এই মহাতারকা এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। ওদিকে আবার মেক্সিকো গোলরক্ষক গিয়েরমো ওচোয়া হুঙ্কারের সুরে বলেছেন, মেসি পরীক্ষার জন্য প্রস্তুত তিনি। 

আঁটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছেন মেসিও। কিন্তু প্রথম ম্যাচের ভরাডুবির কারণে আর্জেন্টিনা অধিনায়কের পাল্টা বার্তা পাঠানোর সুযোগ নেই। মেক্সিকো বাঁধা পেরুনোর প্রমাণ তাকে দিতে হবে লুসাইলের আঙিনায়।