চোট পেয়ে মাঠের বাইরে ইরানি গোলরক্ষক
ইংল্যান্ডের বিপক্ষে শুরুতেই প্রথম পছন্দের গোলরক্ষককে হারিয়েছে ইরান।
প্রাথমিক শুশ্রূষা নিয়ে উঠে দাঁড়িয়েছিলেন আলিরেজা বেইরনভান্দ। ভালোভাবেই নেন গোল-কিক। কিন্তু পারলেন না খেলা চালিয়ে যেতে। নাকে তীব্র আঘাত পেয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে ইরানের গোলরক্ষককে।
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ইরান। ‘বি’ গ্রুপের ম্যাচটি পুরোটা খেলতে পারলেন না বেইরনভান্দ। তার জায়গায় গোলবারের দায়িত্ব সামাল দিতে নামানো হয়েছে সাইয়েদ হোসেইন হোসেইনিকে।
ম্যাচের অষ্টম মিনিটে ডান দিকে হ্যারি কেইনের ক্রস ক্লিয়ার করার সময় সতীর্থ মাজিদ হোসেইনির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বেইরনভান্দের। মাজিদ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান। কিন্তু বেইরেনভান্দের নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে।
মেডিকেল টিম এসে প্রাথমিক শুশ্রূষা দিয়ে রক্ত পড়া বন্ধ করেন। তবু মনে হচ্ছিল উঠে যেতে হবে বেইরনভান্দকে। কিন্তু তখন মাঠ ছেড়ে যাননি তিনি। স্বাভাবিকভাবে নেন গোল-কিক। তার এই সাহসী মানসিকতাকে হাততালি দিয়ে সম্মান জানান দর্শকরা।
তবে বেশিক্ষণ আর পারেননি খেলা চালিয়ে যেতে। পুনরায় খেলা শুরুর দুই মিনিটের মধ্যে ডাগআউটের দিকে খেলোয়াড় বদলের জন্য ইশারা দিয়ে মাটিতে শুয়ে পড়েন বেইরনভান্দ। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।
