১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

গুরুতর চোট পেয়ে হাসপাতালে মার্তিনেস

মাথায় গুরুতর আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

গুরুতর চোট পেয়ে হাসপাতালে মার্তিনেস

স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হচ্ছে এমিলিয়ানো মার্তিনেসকে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 08:30 PM

Updated : 17 Oct 2026, 08:30 PM

এভারটনের বিপক্ষে জয় ছাপিয়ে চেলসির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এমিলিয়ানো মার্তিনেসের চোট। মাথায় গুরুতর আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতে চেলসি। ম্যাচের ৭৫তম মিনিটে বল দখলের লড়াইয়ে মার্তিনেস ও এভারটনের ডিফেন্ডার জ‍্যারেড ব্র‍্যাথওয়েইটের মাথার সঙ্গে মাথার সংঘর্ষ হয়।

একটি ফ্রি-কিকের সময় মার্তিনেস বলটি পাঞ্চ করে সরিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসেন, ঠিক তখনই ব্র‍্যাথওয়েইট হেড করার জন্য লাফিয়ে ওঠেন এবং দুজনের মধ্যে সংঘর্ষ হয়।

Image

সংঘর্ষের পর মাটিতে লুটিয়ে পড়েন মার্তিনেস ও জ‍্যারেড ব্র‍্যাথওয়েইট। ছবি: রয়টার্স

সংঘর্ষের পর দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। চিকিৎসার পর ব্র‍্যাথওয়েইট খেলা চালিয়ে যেতে পারলেও, মার্তিনেসকে চিকিৎসা দেওয়ার সময় খেলা প্রায় ১০ মিনিট বন্ধ ছিল।

স্ট্রেচারে করে মাঠ ছাড়া সময় ৩৪ বছর বয়সি এই গোলরক্ষক হাত নড়াচড়া করছিলেন। তার বদলি হিসেবে মাঠে নামেন মাইক পেন্ডার্স।

দ্বিতীয়ার্ধে চেলসির দুটি গোলই করেন পেদ্রো নেতো।