১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

মাঠে গুরুতর আঘাতের পর মার্তিনেসের অস্ত্রোপচার

এভারটনের বিপক্ষে ম্যাচে মাঠে আঘাত পাওয়ার পর রাতেই অস্ত্রোপচার হয় চেলসির আর্জেন্টাইন গোলকিপারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Oct 2026, 01:19 PM

Updated : 18 Oct 2026, 01:19 PM

হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এমি মার্তিনেস। আঙুল উঁচিয়ে যেন বলতে চাইছেন, “আমি ঠিক আছি…।” আঘাত পেয়ে যেভাবে মাঠ ছেড়ে গিয়েছিলেন তিনি, শঙ্কার স্রোত বয়ে গিয়েছিল ফুটবল বিশ্বে। এই ছবিটি তাই স্বস্তি দেবে সবাইকেই। অস্ত্রোপচারের পর চেলসির আর্জেন্টাইন গোলকিপার বললেন, কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবেন মাঠে।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার এভারটরে এভারটনের জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে চোট পান মার্তিনেস। ম্যাচের ৭৫তম মিনিটে ফ্রি-কিকের সময় বল নিয়ন্ত্রণে নেওয়ার লড়াইয়ে মার্তিনেস বলটি পাঞ্চ করে সরিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসেন, ঠিক তখনই ব্র্যান্থওয়েট হেড করার জন্য লাফিয়ে ওঠেন। ধাক্কা লাগার পর মাটিতে লুটিয়ে পড়েন দুজনই।

প্রাথমিক চিকিৎসার পর ব্র্যান্থওয়েট খেলা চালিয়ে যেতে পারেন। তবে মার্তিনেসের জন্য খেলা বন্ধ থাকে মিনিট দশেক। পরে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে কনকাশনের কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানায়, সংঘর্ষে তিনি চোয়ালে আঘাত পেয়েছেন।

পরে রোববার ভোরে অস্ত্রোপচারের খবর জানান মার্তিনেস নিজেই।

“খোঁজখবর নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। অস্ত্রোপচার সফল হয়েছে।

“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিতেছি এবং কোনো গোল হজম করিনি। ফিরব কয়েক সপ্তাহের মধ্যেই।”

মার্তিনেস ছিটকে পড়ার পর বদলি হিসেকে মাইক পেন্ডার্সকে বেছে নেন চেলসি কোচ শাবি আলোন্সো। লিগে অভিষেক হয় ২১ বছর বয়সী গোলকিপারের। মার্তিনেস না ফেরা পর্যন্ত হয়তো গোলবার সামলাবেন বেলজিয়াম যুব দলের এই গোলকিপারই।

তরুণ এই প্রতিভার ওপর বিশ্বাস রাখছেন কোচ।

“মাইকের মানসিকতা দারুণ। সে সাহসী এবং তার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। সে ভালো করেছে। কাপের ম্যাচগুলোতে সে খেলেছে এবং যখনই প্রয়োজন হয়েছে, ভালো করেছে।

“সবকিছুই দলটাকে কেন্দ্র করে, যাতে সব ফুটবলারই নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে এবং প্রয়োজনের সময় নিজেদের সুযোগ কাজে লাগাতে পারে। এটা খুবই ইতিবাচক।”