১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বলের ঝিলিকে জয়ের আলোর দিশা

দ্বিতীয় নতুন বলে দ্রুত তিনটি উইকেট নেওয়ার পর জোহানেসবার্গ টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, জয়ের স্বপ্নের কথা বলছেন তাসকিন আহমেদ।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 10:47 PM

Updated : 17 Nov 2026, 10:47 PM

বৃষ্টি থেমে গিয়েছিল বেশ আগেই। কিন্তু থেমে থেমে চলছিল বজ্রপাত। খেলা তাই আর শুরু হতে পারেনি। তবে খেলা বন্ধ হওয়া আগে বিদ্যুচ্চমক খেলে গেছে বাংলাদেশের বোলিংয়েও। দ্বিতীয় নতুন বলের সেই দীপ্তিই ম্যাচে ফিরিয়েছে নতুন উত্তেজনা। বাংলাদেশের মিইয়ে আসা সম্ভাবনায় জেগেছে নতুন প্রাণ।

সেই সম্ভাবনার কথা বলছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেকরাও। ওয়ান্ডারার্স স্টেডিয়ামের প্রেসবক্সের পাশেই টিভি, রেডিওর ধারাভাষ্যকক্ষ। সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের তাই পাওয়া যায় নাগালেই। ধারাভাষ্যের বিরতির ফাঁকে তাদের সঙ্গে আড্ডাও জমে ওঠে প্রায়ই। বৃষ্টি বিরতির কারণে তৃতীয় দিনে গল্প করার অবকাশ একটু বেশিই মিলল। সেখানেই তাদের অনেকের কণ্ঠে ফুটে উঠল বাংলাদেশকে নিয়ে মুগ্ধতা।

শন পোলক, ভার্নন ফিল্যান্ডার, ক্রিস মরিস, মাখায়া এনটিনি, ফানি ডি ভিলিয়ার্স- সবাই বলছেন, দ্বিতীয় নতুন বলের ঝলক বাংলাদেশকে দারুণভাবে ম্যাচ ফিরিয়েছে। এই তিন দিনে বাংলাদেশ যেভাবে বারবার পেছনে থেকে ঘুরে দাঁড়িয়েছে বা লড়াই করেছে, তাতেও অভিূভুত তারা।

সাবেক পেস বোলিং অলরাউন্ডার মরিস হাসতে হাসতে বলছিলেন, “প্রথম দিন সকালে ২২ রানে ৩ উইকেটের পর আমি তো বলছিলাম, ‘ওহ গড, ধস যেন না নামে। একটি ভালো টেস্ট দেখতে চাই।’ থ্যাংকস গড যে, হৃদয় আর লিটন ওই জুটি গড়েছে।”

তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাসের ওই দ্বিশতক জুটির আগে প্রতিরোধের সূচনা হয়েছিল তানজিদ হাসান ও হৃদয়ের জুটিতে। প্রথম দিনেই ঘুরে দাঁড়ানোর দুটি অধ্যায় তাই রচনা করে বাংলাদেশ। পরদিন বোলিংয়েও ছিল ঘুরে দাঁড়ানোর একটি পর্ব। দক্ষিণ আফ্রিকা যখন বানের জলের মতো রান তুলে বাংলাদেশকে ভাসিয়ে নিচ্ছিল প্রায়, তখন শেষ সেশনে ধরা দেয় তিনটি উইকেট। দিনের খেলা শেষের একটু আগে বাংলাদেশ আদায় করে নেয় দুটি উইকেট। আরও একটি উইকেট ধরা দিতে পারত, যদিও রায়ান রিকলটনের ক্যাচটি নিতে পারতেন লিটন কুমার দাস।

সেই মোমেন্টাম বাংলাদেশ ধরে রাখতে পারেনি তৃতীয় দিন শুরুতে। প্রথম ঘণ্টায় কোনো উইকেট না হারিয়েই টেম্বা বাভুমা ও রিকলটন যোগ করেন ৫৩ রান।

কিছুতেই যখন কিছু করতে পারছিল না বাংলাদেশ, তখন কিছুটা সহায় হয়ে আসে ভাগ্য। পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছাড়েন বাভুমা, জুটি থমকে যায় ৭৯ রানে।

এই সুযোগটিরই অপেক্ষায় ছিল বাংলাদেশ। দ্বিতীয় নতুন বল তখন হাতে। প্রয়োজন ছিল ছোবল দেওয়ার। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ দলের সেই দাবি মেটান দারুণভাবে।

ভিয়ান মুল্ডারকে ফেরান তাসকিন। যদিও সেই ডেলিভারি ছিল একদমই আলগা। কিন্তু সেটিই কাট করার চেষ্টায় শূন্যতে কাটা পড়েন মুল্ডার। অভিজ্ঞ এই পেসার পরে ফেরান বিপজ্জনক মার্কো ইয়ানসেনকেও। হাসান কেন হাত গুটিয়ে থাকবেন? তিনিও ফিরিয়ে দেন সাইমন হার্মারকে।

১৫ রানের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বললেন, বাভুমা বেরিয়ে যাওয়ার পরই নতুন বলে জ্বলে উঠতে মরিয়া ছিলেন তারা।

“এটাই পরিকল্পনা ছিল। যেহেতু বলটা পুরানো হয়ে যাওয়ার পর, একদম সফট হয়ে যাওয়ার পর ব্যাটে একদম সহজে আসছিল, এরপর যখনই নতুন বলটা আমরা সবাই হাতে পা,ই তখনই আসলে সবার মাথায় একটাই চিন্তা ছিল যে, যেভাবে হোক ব্রেকথ্রু বের করার প্রয়োজন।

“এরপর দেখেছেন, একটা (উইকেট) যাওয়ার পরে ধাপে ধাপে আরও দুটি গেল। টেস্ট ক্রিকেট এমনই আসলে, জুটি ভাঙলে যেকোনো মুহূর্তে কিছু উইকেট ধসে পড়ে। ওই জিনিসটাই আমরা চেয়েছিলাম এবং ওই মুহূর্তে আমরা করতে পেরেছি।”

হার্মারের বিদায়ের এক ওভার পরই লাঞ্চ বিরতির ঘোষণা আসে। প্রথম সেশনের মোমেন্টাম দ্বিতীয় সেশনেও বয়ে নেওয়ার আশায় ছিল বাংলাদেশ দল। কিন্তু সেখানেই বাগড়া দেয় বৃষ্টি। সারাদিনে আর একটা ডেলিভারিও হতে পারেনি।

প্রকৃতির বৈরিতায় ওই সময়ের মোমেন্টাম বয়ে নিতে না পারায় হতাশা আছে তাসকিনের। তবে দ্বিতীয় নতুন বলেই ওই ছোট্ট ঝড়ই বাংলাদেশ দেখাচ্ছে স্বপ্ন দেখার সাহস।

“বৃষ্টি তো আসলে কারও নিয়ন্ত্রণে নেই। যে জিনিসটা হতো পারত যে, আমরা যে মোমেন্টাম পেয়েছিলাম, হয়তো ওই সময়টায় ওদের তাড়াতাড়ি অলআউট হয়ে যাওয়ার একটা চান্স। আর লাঞ্চের পর থেকে চা বিরতির সময়টা ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো থাকে। উইকেট ভালো থাকে, রোদ পড়ে। আমরা হযতো তখন ব্যাট করতাম।

তবে ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখনও ম্যাচে আছি। ভালো পজিশনেই আছি। কালকে দিনের শুরুটা যদি আমরা ভালো করতে পারি, তাড়াতাড়ি ওদেরকে আউট করতে পারি এবং আমাদের ব্যাটসম্যানরা ভালো শুরু এনে দেয়, তাহলে তো যে কোনো কিছু হতে পারে।”

যে কোনো কিছু বলতে তিনি জয়ই বোঝাচ্ছেন, সেটা তো আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই!

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা পিছিয়ে আছে ১৪ রানে, উইকেট আছে তিনটি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছেন, চোট পাওয়া বাভুমা ব্যাটিংয়ে নামতেন। তৃতীয় দিনে খেলা হলেই তিনি ব্যাটিংয়ে নামতেন, চতুর্থ দিনে তো আরও ভালোভাবে বিশ্রাম পেয়ে নামবেন। রায়ান রিকলটন অপরাজিত আছেন ৫৬ রানে। দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিতে কিছুটা প্রতিবন্ধকতা তাই এখনও আছে। দিনের খেলা শেষে রিকেলটন বলেছেন, ১০০ রানের লিড চান তারা।

তবে বাংলাদেশও জানে, তাদেরকে দ্রুত গুটিয়ে দিতে পারলে আরেকটি স্মরণীয় জয়ের সম্ভাবনা উজ্জ্বল হবে আরও। তাসকিনরা নিশ্চয়ই সেই হাতছানিতে উজ্জীবিতই হবেন আরও একবার!