নতুন বলের চ্যালেঞ্জ সামলে সেঞ্চুরির আশায় লিটন
নান্দনিক ব্যাটিংয়ে সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে দ্বিতীয় নতুন বলের চ্যালেঞ্জ নিয়ে ভাবছেন লিটন কুমার দাস।
দ্বিতীয় নতুন বল ডেকেছে সর্বনাশ। দিনের শেষ বলে ফিরেছেন তাওহিদ হৃদয়। অন্য প্রান্তে নব্বই ছুঁয়ে শতকের অপেক্ষায় লিটন কুমার দাস। বলের বয়স মাত্র চার ওভার। দ্বিতীয় দিন সকালে তাই নতুন বলের চ্যালেঞ্জ নিয়েই ভাবছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান।
জোহানেসবার্গ টেস্টে রোববার হৃদয় ও লিটনের ২০৬ রানের চমৎকার জুটিতে দারুণ দিন কাটিয়েছে বাংলাদেশ। প্রথম দিনই তারা করে ফেলেছে ৬ উইকেটে ৩২৭ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে এটিই বাংলাদেশের সর্বোচ্চ।
রেকর্ড সংগ্রহ এনে দেওয়ার পথে ষষ্ঠ উইকেটে জুটিরও রেকর্ড গড়েছেন লিটন ও হৃদয়। প্রোটিয়াদের বিপক্ষে এত দিন বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ১৩৮ রানের। সেটি টপকে দেশের প্রথম দুইশ রানের জুটি গড়েছেন লিটন-হৃদয়।
দিনের একদম শেষ বলে মার্কো ইয়ানসেনে ফুল টসে হৃদয় এলবিডব্লিউ হলে থামে ২৯৯ রানের জুটি। চার ম্যাচের ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি করে ১৩৭ রানে ফেরেন হৃদয়। আর লিটন এখনও অপরাজিত ৯২ রানে।
নতুন সকালে অভিজ্ঞ ব্যাটসম্যানের সামনে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির হাতছানি। দিনের খেলা শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শতকের আশা ব্যক্ত করে সম্ভাব্য চ্যালেঞ্জের কথাও বলেন লিটন।
“অবশ্যই চেষ্টা করব (সেঞ্চুরি করার)। তবে নতুন বলের বিপক্ষে খেলা এখনও অনেক চ্যালেঞ্জিং। কাল সকালে তারা সতেজ হয়ে ফিরবে। আশা করি আমিও দারুণ লড়াইয়ে জন্য নিজেকে তরতাজা করে আসব।”
৩৫তম ওভারে লিটন যখন ক্রিজে যান, তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি বলের উজ্জ্বলতা। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে রীতিমতো উড়ছিলেন রাবাদা। হ্যাটট্রিক বল সামলে পরে দেখেশুনে ইনিংস এগিয়ে নেন লিটন।
তার মতে, বল পুরোনো হওয়ার পর কিছুটা সহজ ছিল ব্যাটিং।
“আমার মতে, নতুন বলে তারা খুব ভালো বোলিং করেছে। বিশেষ করে এই ধরনের কন্ডিশনে নতুন বল অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি যখন ব্যাট করতে চাই, স্পঞ্জি ধরনের বাউন্সের চ্যালেঞ্জ অনুভব করেছি। তবে বল পুরোনো হওয়ার ব্যাটিং করা সহজ হয়ে যায়।”
বড় জুটিতে দক্ষিণ আফ্রিকার চার পেসারের পরীক্ষা দারুণভাবে সামাল দেন লিটন-হৃদয়। আর একমাত্র স্পিনার সাইমন হার্মারকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন দুজন। বিশেষ করে চা বিরতির পর তাকে ‘মামুলি’ বোলারই বানিয়ে ছাড়েন লিটন ও হৃদয়।
এক ওভারে চমৎকার দুটি শটে বাউন্ডারি মারেন লিটন। কিছুক্ষণ পর ওভারের প্রথম বল ছক্কায় উড়িয়ে পরের দুটিতে চার মারেন হৃদয়। একই ওভারে লিটন আরেকটি বাউন্ডারি হার্মারের মোট খরচ হয় ১৯ রান। সব মিলিয়ে প্রথম দিনে ১৬ ওভারে তিনি দেন ৮৩ রান।
ঠিক আগের সিরিজেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কঠিন পরীক্ষা নেওয়া হার্মারকে এত সাবলীলভাবে খেলার রহস্য জানান লিটন।
“নতুন বল অনেক চ্যালেঞ্জিং। তবে হার্মার যখন এলো, পরিকল্পনা খুব সহজ ছিল, স্ট্রাইক রোটেট করে খেলতে হবে। আমি জানি, তাকে যদি বেশি সমীহ দেখিয়ে ফেলি, তাহলে আরও বেশি ক্ষতি করে ফেলবে। তাই শুধু স্ট্রাইক রোটেট করে খেলেছি। পেসাররা এলে বলের মেধা বুঝে খেলেছি আমরা।”
