টি-টোয়েন্টিতে আরেকটি সেঞ্চুরিতে মার্শের রেকর্ড
অস্ট্রেলিয়ার প্রথম অধিনায়ক হিসেবে একাধিক সেঞ্চুরি করলেন তিনি।
মুখোমুখি তৃতীয় বলে জেমস কোলসকে ছক্কায় উড়িয়ে রানের খাতা খুললেন মিচেল মার্শ। পরের দুই বলে মারলেন চার। সেই যে শুরু, এরপর কেবল ছুটলেন তিনি। ইংলিশ বোলারদের তুলাধুনা করে চমৎকার এক সেঞ্চুরি উপহার দিয়ে গড়লেন রেকর্ড।
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে রান তাড়ায় ১১৯ রান করেন মার্শ। ইনিংস শুরু করতে নেমে শেষ ওভারে আউট হওয়ার আগে ৫৭ বল খেলে ৯টি করে ছক্কা ও চার মারেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি মার্শের দ্বিতীয় সেঞ্চুরি। দুটিই অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে। টি-টোয়েন্টিতে একাধিক সেঞ্চুরি করা দেশটির প্রথম অধিনায়ক তিনি। নেতৃত্বের দায়িত্বে একবার করে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন অ্যারন ফিঞ্চ ও শেন ওয়াটসন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এনিয়ে ষষ্ঠ সেঞ্চুরি করলেন মার্শ। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যাদের মধ্যে এই সংস্করণের তার চেয়ে বেশি শতক আছে ডেভিড ওয়ার্নার (১০টি), ফিঞ্চ (৮টি), মাইকেল ক্লিঙ্গার (৮টি), ক্রিস লিন (৮টি), গ্লেন ম্যাক্সওয়েল (৮টি), স্টিভেন স্মিথ (৭টি)।
সিডনিতে এদিন ইনিংসে প্রথম ওভারে ১৪ রান করা মার্শ আগ্রাসী ব্যাটিংয়ে ২৬ বলে স্পর্শ করেন ফিফটি। পঞ্চাশের পর আরও দ্রুত রান বাড়ান তিনি। ফিফটি থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে তার লাগে ২৩ বল।
ফিফটির পর জেমি ওভারটনকে ছক্কার পর লিয়ান ডসনকে চার মারেন মার্শ। ওভারটনের পরের ওভারে টানা তিন বলে দুটি ছক্কা ও একটি চার হাঁকান তিনি। ডসনকে চার ও ছক্কায় সেঞ্চুরির কাছে পৌঁছে যান ডানহাতি এই ব্যাটসম্যান।
১৮তম ওভারের প্রথম বলে সিঙ্গল নিয়ে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন মার্শ, ৪৯ বলে। এরপর ওভারটনকে টানা তিন বলে ছক্কা-চার-ছক্কা হাঁকান তিনি। শেষ ওভারে কট বিহাইন্ড হয়ে বাজে তার বিদায় ঘণ্টা।
