২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাইটনের বিপক্ষে দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত আর্সেনাল কোচ

মিকেল আর্তেতা মনে করেন, ম্যাচের ফলাফলে তাদের পারফরম্যান্স পুরোপুরি প্রতিফলিত হয়নি।

ব্রাইটনের বিপক্ষে দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত আর্সেনাল কোচ

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা (মাঝে)

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 07:06 PM

Updated : 18 Dec 2023, 07:17 PM

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে সব বিভাগেই প্রাধান্য দেখায় আর্সেনাল। জমাট রক্ষণে প্রতিপক্ষকে সেভাবে সুযোগই তৈরি করতে দেয়নি লন্ডনের ক্লাবটি। ছেলেদের খেলার ধরনে খুব খুশি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তার দাবি, ২-০ স্কোরলাইনে তাদের পারফরম্যান্স শতভাগ প্রতিফলিত হয়নি। 

প্রিমিয়ার লিগে রোববারের ম্যাচে শুরু থেকে আর্সেনাল আধিপত্য করলেও প্রথমার্ধে গোল পায়নি তারা। বিরতির পর গাব্রিয়েল জেসুস দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন কাই হাভার্টজ। 

পুরো ম্যাচে গোলের জন্য ২৬টি শট নিয়ে আর্সেনাল লক্ষ্যে রাখতে পারে ৯টি। বিপরীতে ব্রাইটনের ৬ শটের মাত্র ১টি লক্ষ্যে ছিল। প্রথমার্ধে স্বাগতিকদের প্রবল আক্রমণের মুখে একটিও শট নিতে পারেনি ব্রাইটন।

চলতি মৌসুমে লিগে আগের সব ম্যাচেই জালের দেখা পেয়েছিল পয়েন্ট টেবিলে ৯ নম্বরে থাকা ব্রাইটন। তাদেরকে আটকে রাখতে পারায় তাই সন্তুষ্ট আর্তেতা। তবে ম্যাচের পর বিবিসি স্পোর্টকে এই স্প্যানিয়ার্ড বলেন, গোলের সামনে তাদের আরও কার্যকর হতে হবে। 

“অবিশ্বাস্য পারফরম্যান্স, শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো দলের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি, দেখাটা আনন্দদায়ক ছিল।” 

“বিরতির সময়ের স্কোরলাইনে যদিও তা প্রতিফলিত হয়নি। আমরাই ম্যাচটি জয়ের যোগ্য। (প্রথমার্ধে গোলের জন্য) আমরা ১৫টি শট নেই, যা অনেক। আমাদের এভাবে এগিয়ে যেতে হবে, গোলের সামনে আমাদের সেই মানের কার্যকারিতা নেই।” 

লিগে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্সেনাল।