২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে দোকু

তরুণ এই উইঙ্গারকে পেতে সাড়ে পাঁচ কোটি পাউন্ড গুণতে হয়েছে ইংলিশ চ্যাম্পিয়নদের।

৫ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে দোকু

নতুন ক্লাবে জেরেমি দোকু। ছবি: ম্যানচেস্টার সিটি টুইটার

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 01:21 AM

Updated : 25 Aug 2023, 02:50 AM

দুই ক্লাব সমঝোতায় পৌঁছেছিল আগেই। শেষ হলো বাকি আনুষ্ঠানিকতা। রেন ছেড়ে বেলজিয়ামের তরুণ উইঙ্গার জেরেমি দোকু হয়ে গেলেন ম্যানচেস্টার সিটির।

সিটি তাদের ওয়েবসাইটে বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ২১ বছর বয়সী এই খেলোয়াড়ের সঙ্গে তারা পাঁচ বছরের চুক্তি করেছে।

ক্লাবের বিবৃতিতে ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানানো হয়নি। বিবিসির খবর, অঙ্কটা পাঁচ কোটি ৫৪ লাখ পাউন্ড।

বেলজিয়াম জাতীয় দলের হয়ে ১৪টি ম্যাচ খেলা দোকু সিটির ১১ নম্বর জার্সি পেয়েছেন।

২০২০ সালের অক্টোবরে লিগ ওয়ানের ক্লাব রেনে যোগ দেন দোকু। এরপর থেকে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯২টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১২টি।

গতবারের ট্রেবল জয়ী দলে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত দোকু। চুক্তিপত্রে স্বাক্ষর করে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।

“আমার জন্য দারুণ একটি দিন, ব্যক্তিগত ও পেশাদার উভয় দিক থেকেই। সিটি বিশ্বের সেরা দল, তাই তাদের সঙ্গে যোগ দেওয়াটা স্পেশাল।”

“গত মৌসুমে সিটির খেলা দেখা ছিল দারুণ আনন্দের। ফুটবলে ট্রেবল জেতা সবচেয়ে কঠিন এবং সেটাই তারা করেছে। কল্পনাও করতে পারবেন না, এই দলে যোগ দেওয়া কী রোমাঞ্চকর বিষয়। এখানে শুরু করতে আমার আর তর সইছে না। আশা করি, এখানে সমর্থকদের আমি খুশি করতে পারব।”

এবারের দলবদলে এই নিয়ে তিন খেলোয়াড় কিনল সিটি। এর আগে আড়াই কোটি পাউন্ডে ক্রোয়াট মিডফিল্ডার মাতেও কোভাচিচ ও সাত কোটি ৭০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে ক্রোয়াট ডিফেন্ডার ইয়োসকো ভার্দিওলকে দলে নেয় তারা।