পাঁচ বছর পর ফিরছে মীরাক্কেল, মীরের সঞ্চালনা নিয়ে ধোঁয়াশা
শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে কমেডি শো চালানো আগের মত ‘সহজ হবে না’।
‘মীরাক্কেল’ মানেই হাসির ফোয়ারা। পাঁচ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের জি বাংলার পর্দায় ফিরছে হাসির এই রিয়েলিটি শো।
তবে সঞ্চালকের আসনে মীর আফসার আলী থাকছেন কি না সে বিষয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা; পাশাপাশি বিচারকের আসনে শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত এবং পরাণ বন্দ্যোপাধ্যায়দের উপস্থিতি নিয়েও তথ্য মেলেনি।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, এরই মধ্যে প্রকাশ হয়েছে মীরাক্কেলের প্রোমো। এবার সিজন-১১।
প্রোমোতে বলা হয়েছে, বয়স এখানে কোনও বাধা নয়। পাঁচ বছরের ঊর্ধ্বে যে কেউ নিজের বলা মজার জোকসের একটি ভিডিও পাঠিয়ে সরাসরি অডিশনে অংশ নিতে পারবেন। প্রাথমিক বাছাই পর্বের পরেই শুরু হবে মূল লড়াই।
সব ঠিকঠাক থাকলে আসছে বছরের ফেব্রুয়ারি নাগাদ শুরু হতে পারে এই শোয়ের সম্প্রচার। আর জানুয়ারি মাসের শেষের দিক থেকেই শুরু হয়ে যেতে পারে শুটিং ফ্লোরের কাজ।
কেন এই দীর্ঘ বিরতি? মীরাক্কেলের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে কমেডি শো চালানো আগের মত ‘সহজ হবে না’।
তার কথায়, “কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নানা বিধিনিষেধ এবং কঠোর সেন্সরশিপের বেড়াজালে অনেক সময় প্রাপ্তমনস্ক কৌতুক পরিবেশন করা কঠিন হয়ে দাঁড়ায়। কাউকে নিয়ে তীব্র ব্যঙ্গ বা সমাজের প্রচলিত শিষ্টাচার একটু এদিক-অদিক হলেই তা বিতর্কের জন্ম দেয়। এত নিয়মের বেড়াজালে হাসির রসদ যোগ করা ক্রিয়েটিভ টিমের কাছে এ বার একটি বড় চ্যালেঞ্জ।”
‘মীরাক্কেল’ আর মীর আফসর আলি যেন একে অপরের পরিপূরক। কিন্তু নতুন শোয়ে মীর থাকবেন কি না, তা নিয়ে শুভঙ্কর কোনো তথ্য দেননি।
‘মীরাক্কেল’ বন্ধ থাকাকালীন একাধিক সাক্ষাৎকারে মীর জানিয়েছিলেন, তিনি আর এই অনুষ্ঠানে ফিরতে চান না।
মূলত মীরাক্কেলে নানা বিধিনিষেধ জুড়ে দেওয়ায় বিরক্ত ছিলেন তিনি।
তবে নতুন সিজনের ঘোষণার পর সোশাল মিডিয়ায় দর্শকেরা দাবি জানাচ্ছে, মীরসহ বিচারকদের পুরোনো টিমকে ফিরিয়ে আনতে হবে।
‘মীরাক্কেল’ বাংলাদেশে বেশ জনপ্রিয় অনুষ্ঠান। বাংলাদেশের প্রতিযোগীরা নিয়মিত অংশ নিয়েছেন এই শোতে। জিতেছেন সেরার পুরস্কারও।
আবু হেনা রনি, ইশতিয়াক নাসের, আনোয়ারুল আলম সজল, জামিল হোসেন, আরমান, পাভেল, হৃদয়সহ আরও অনেকে এই প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছেন।
