২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদো-মার্সিয়ালদের বিবর্ণতায় হোঁচট ইউনাইটেডের

নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ড্র করল এরিক টেন হাগের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 09:12 PM

Updated : 16 Oct 2022, 09:39 PM

শুরুর একাদশে ফিরে নিজের ছায়া হয়ে থাকলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আক্রমণভাগের বাকিরাও ব্যর্থ হলেন আলো ছড়াতে। তাই টানা দ্বিতীয় জয় পাওয়া হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের।

ওল্ড ট্র্যাফোর্ডে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে এরিক টেন হাগের দল।

এভারটনের বিপক্ষে বদলি নেমে ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক ছোঁয়া রোনালদো এ ম্যাচে ফেরেন শুরুর একাদশে। কিন্তু দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে তাকে তুলে নেন টেন হাগ।

বলের নিয়ন্ত্রণে আধিপত্য করলেও নিউক্যাসলের গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাই নিতে পারছিল না ইউনাইটেড। শুরু থেকে লক্ষ্যভ্রষ্ট শটে হতাশা বাড়াতে থাকেন জ্যাডন স্যানচো, ফ্রেদরা।

মাঝেমধ্যে ইউনাইটেডের রক্ষণে হানা দিচ্ছিল নিউক্যাসলও। কিন্তু গোল অধরা থাকে তাদেরও। পঞ্চদশ মিনিটে ব্রুনো গুইমারায়েসর হেড এবং পরের মিনিটে জ্যাকব মার্ফির ডান পায়ের শট আটকে ইউনাইটেডের ত্রাতা দাভিদ দে হেয়া।

ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ইউনাইটেডের আক্রমণে কিছুটা গতি পায়। ৫২তম মিনিটে ফের্নান্দেসের পাস ট্রিপিয়ারের পা ঘুরে পেয়ে যান রোনালদো, কিন্তু ভারসাম্য হারিয়ে শট নিতে পারেননি তিনি।

ছয় মিনিট পর বক্সে স্যানচো ফাউলের শিকার হলে পেনাল্টির জোরাল আবেদন করে ইউনাইটেড। ভিএআর দেখে তাতে সাড়া দেননি রেফারি। ৬১তম মিনিটে স্যানচোর ক্রসে অঁতনি মার্সিয়ালের শট আটকান গোলরক্ষক।

৭৪তম মিনিটে রোনালদোকে তুলে মার্কাস র‍্যাশফোর্ডকে নামান ইউনাইটেড কোচ। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি ইউনাইটেড। ৮২তম মিনিটে র‍্যাশফোর্ডের ফ্রি কিক পোস্টের অনেক উচুঁ দিয়ে উড়ে যায়।

৮৮তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট হয় ইউনাইটেডের। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা র‍্যাশফোর্ডকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষক। এই সুযোগে বক্সে পাস বাড়ান তিনি, কিন্তু বাইরে মেরে হতাশ করেন ফ্রেদ।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে র‍্যাশফোর্ডের কোনাকুনি হেড দূরের পোস্ট দিয়ে বেরিয়ে গেলে পয়েন্ট হারানোর হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ইউনাইটেডকে।

৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। এক পয়েন্ট কম নিয়ে এক ধাপ পরে আছে নিউক্যাসল।