Published : 28 Dec 2022, 08:05 PM
ইউরোপে ক্লাব ব্রুজের পারফরম্যান্স আলো ঝলমলে। তবে ঘরোয়া ফুটবলে ধুঁকছে বেলজিয়ামের দলটি। তাই ক্লাব ব্রুজকে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় তুলেও টিকতে পারলেন না কার্ল হুফকেনশ।
গত মে মাসে প্রধান কোচের চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। টিকতে পারলেন ছয় মাসের একটু বেশি সময়। বুধবার এক বিবৃতিতে তাকে সরিয়ে দেওয়ার কথা জানাল ক্লাব ব্রুজ।
৪৪ বছর বয়সী হুফকেনশের কোচিংয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত দারুণ খেলছে দলটি। গ্রুপ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচেই জেতে তারা। ৬ ম্যাচে তিন জয়ে ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে নকআউট পর্বে যায় বেলজিয়ামের চ্যাম্পিয়নরা।
আগামী ফেব্রুয়ারিতে ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোয় বেনফিকার বিপক্ষে খেলবে তারা।
ঘরোয়া প্রতিযোগিতায় বেশ বাজে সময় কাটছে দলটির। গত সপ্তাহে বেলজিয়ান কাপে ঘরের মাঠে সেইন্ট ত্রুদেনের বিপক্ষে হারে ৪-১ গোলে। লিগ ম্যাচে অড-হেভেরলি লিউভেনের সঙ্গে নিজ আঙিনায় করে ১-১ ড্র।
লিগ টেবিলে এখন ৪ নম্বরে আছে গত মৌসুমের চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজ। ১৮ ম্যাচ খেলে ১০ জয়ে তাদের পয়েন্ট ৩৪। শীর্ষে থাকা রেসিং হেঙ্কের পয়েন্ট ৪৬।