চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদের যে লক্ষ্য
এখনই শিরোপায় চোখ রাখছেন না জুজে মরিনিয়ো, বরং অন্য লক্ষ্যের কথা বললেন রেয়াল মাদ্রিদ কোচ।
চ্যাম্পিয়ন্স লিগে এখনই শিরোপায় দৃষ্টি রাখছেন না জুজে মরিনিয়ো। রেয়াল মাদ্রিদ কোচ বলছেন, আপাতত তাদের মূল লক্ষ্য প্রতিযোগিতাটির পরবর্তী ধাপে জায়গা নিশ্চিত করা।
২০২৪-২৫ মৌসুম থেকে নতুন আঙ্গিকে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। ৩৬ দলের আসরে প্রথম পর্বে প্রতিটি দল খেলে আটটি করে ম্যাচ। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি জায়গা করে নেয় শেষ ষোলোয়।
আর নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলে দুই লেগের প্লে-অফ, এর মধ্যে বিজয়ী আটটি দল পায় শেষ ষোলোর বাকি আটটি টিকেট।
ইউরোপ সেরার প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদকে নতুন আঙ্গিকের গত দুই মৌসুমেই খেলতে হয়েছে প্লে-অফে।
এই মৌসুমে প্রথম দুই ম্যাচ জিতে শুরুটা বেশ ভালো করেছে তারা। আরও সাত দলের সমান ৬ পয়েন্ট নিয়ে গোলের হিসেবে নবম স্থানে আছে মরিনিয়োর দল।
জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যে বুধবার ঘরের মাঠে আরবি লাইপজিগের মুখোমুখি হবে রেয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে মরিনিয়োর কাছে প্রশ্ন করা হয় যে, রেয়াল মাদ্রিদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয় কি না।
“না। এখনই এমনটা ভাবা অনেক তাড়াতাড়ি যায়। রেয়াল মাদ্রিদের বর্তমান লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয় নয়; বরং মূল লক্ষ্য হলো পরবর্তী ধাপে জায়গা নিশ্চিত করা। যখন সেটা নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করব, তখন দ্বিতীয় লক্ষ্যটি সামনে আসবে, আর সেটা হলো প্লে-অফ এড়ানোর চেষ্টা করা। গত মৌসুমে আমাদের যে প্লে-অফ খেলতে হয়েছিল-সেই দুটি ম্যাচ সবসময়ই চরম উত্তেজনার ও চাপের হয়, যেখানে নকআউট পরিস্থিতির সৃষ্টি হয়। হয় টিকে থাকবেন, নয়তো বিদায় নেবেন।
“এই ম্যাচগুলো এড়ানো যেতে পারে। তবে প্রতিযোগিতার বর্তমান অবস্থা দেখে আমার মনে হচ্ছে, আমাদের অনেক পয়েন্ট প্রয়োজন হবে। প্লে-অফ এড়াতে হলে প্রচুর পয়েন্ট দরকার। আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় ১১ বা ১২ পয়েন্ট সংগ্রহ করতে হবে। আর তা অর্জন করে ফেললে-আমরা যা অর্জন করবই-তখন সেরা আটের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব।”
