'ফ্রান্সে মেসি প্রাপ্য সম্মান পায়নি'
কিলিয়ান এমবাপের মতে, আর্জেন্টাইন তারকার চলে যাওয়া ফ্রান্সের ফুটবলের জন্য কোনোভাবেই ভালো হতে পারে না।
ইতিহাসের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি যখন পিএসজিতে নাম লেখান, তখন তাকে নিয়ে ফ্রান্সে উৎসাহের কমতি ছিল না। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা প্রায় উধাও হয়ে যায়। উল্টো তার সঙ্গে ক্লাবটির সমর্থকদের সম্পর্ক খারাপ হতে থাকে। বিষয়টি একেবারেই ভালো লাগেনি কিলিয়ান এমবাপের।
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তারকা বলেছেন, তার দেশে প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হয়েছেন মেসি। পিএসজি থেকে মেসির বিদায়টাও তাই সুখকর হয়নি। বলা যায়, আর্জেন্টাইন তারকার মনে গত দুটি বছর উল্টো তৈরি করেছে ক্ষত; এই ক্লাবে যে নিজেদের সমর্থকদের থেকে মাঝেমধ্যে দুয়োও শুনতে হয়েছে তাকে।
বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। চলতি মাসেই এর মেয়াদ শেষ হবে। তার ভবিষ্যৎ ঠিকানা নিশ্চিত হয়ে গেছে। ৩৫ বছর বয়সী এই ফুটবলার গত বুধবার জানান, মেজর সকার লিগের দল ইন্টার মায়ামিতে যাচ্ছেন তিনি।
পিএসজির হয়ে ঘরোয়া সাফল্য পেলেও উভয় মৌসুমেই ইউরোপীয় টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হয় মেসিকে। এমবাপে, নেইমার ও তাকে নিয়ে গড়ে তোলা আক্রমণভাগ এবং অন্যান্য পজিশনেও দারুণ সব খেলোয়াড়দের নিয়ে ক্লাবটি স্বপ্ন দেখছিল অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের। তা যদিও হয়নি। উল্টো গত দুই মৌসুমেই তারা প্রতিযোগিতাটির শেষ ষোলো থেকে বিদায় নেয়।
বিশেষ সময়ে মেসি ও নেইমারের পারফরম্যান্স ছিল বড্ড সাদামাটা। তাতে, বিভিন্ন সময়ে ক্লাবটির সমর্থকদের রোষের শিকার হন রেকর্ড সাতবারের ব্যালন দ'র জয়ী ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
পিএসজির ঘরের মাঠে ম্যাচেই যেমন মেসিকে উদ্দেশ্য করে দুয়ো দিতে দেখা গেছে সমর্থকদের। ক্লাবের হয়ে তার সবশেষ ম্যাচেও এর ব্যত্যয় হয়নি। গ্যালারিতে অনেককেই দেখা গেছে মেসিবিরোধী স্লোগান দিতেও। সবকিছু মিলিয়ে মেসিও পিএসজিতে সময়টা খুব উপভোগ করেননি, সেটা তিনি নিজেই জানিয়েছেন সম্প্রতি।
ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তকে মঙ্গলবার সাক্ষাৎকার দিয়েছেন এমবাপে। সেখানে ফ্রান্সে মেসি যথেষ্ট সম্মান না পাওয়া দুঃখ প্রকাশ করেন এই ২৪ বছর বয়সী।
“তিনি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন। মেসির মতো কারোর চলে যাওয়া দলের জন্য ভালো খবর নয়। আমি ঠিক বুঝতে পারছি না তার চলে যাওয়ায় কেন এত লোক খুব খুশি হয়েছে। ফ্রান্সে প্রাপ্য সম্মানটা তিনি পাননি।”
