পিএসজি সমর্থকদের আপত্তিকর ব্যানার নিয়ে উয়েফার কাছে অভিযোগ বার্সেলোনার
বিশাল আকৃতির ব্যানারটিতে দেখা যায়, পিএসজির জার্সি পরা মুখোশধারী এক ব্যক্তি করাত চালাচ্ছেন বার্সেলোনার ব্যাজে।
চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে গ্যালারিতে পিএসজি সমর্থকদের প্রদর্শিত একটি ব্যানার নিয়ে উয়েফার কাছে অভিযোগ করেছে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির মতে, ব্যানারটি ‘খেলাধুলায় সহিংসতা ও ঘৃণা উসকে দেয়।’
প্যারিসে মঙ্গলবার ম্যাচ শুরুর আগে গোলপোস্টের পেছনের গ্যালারিতে পিএসজি সমর্থকরা বিশাল আকৃতির একটি ব্যানার মেলে ধরে। সেখানে দেখা যায়, পিএসজির জার্সি পরা মুখোশধারী এক ব্যক্তি বার্সেলোনার ব্যাজে করাত চালাচ্ছেন।
নিচে ফরাসি ভাষায় লেখা ছিল, ‘ম্যাসাকার, প্যারিসিয়ান স্টাইল’, অর্থাৎ প্যারিসীয় কায়দায় হত্যাকাণ্ড।
দৃশ্যটি ১৯৭৪ সালের ভৌতিক সিনেমা ‘দা টেক্সাস চেইন স ম্যাসাকার’-এর একটি ইঙ্গিত ছিল।
ম্যাচ চলাকালীন আরও কিছু আপত্তিকর বার্তা সম্বলিত ব্যানারও প্রদর্শিত হয়। পিএসজি সমর্থকদের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বার্সেলোনা।
পিএসজির মাঠে ম্যাচটি ৪-২ গোলে হারে বার্সেলোনা, মৌসুমে যা তাদের প্রথম হার।
বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বার্সেলোনা বলেছে, “গ্যালারিতে ব্যানার প্রদর্শনের সময় যে ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দা জানাচ্ছে ক্লাব। বিশেষ করে, রক্তমাখা করাত দিয়ে বার্সেলোনার ব্যাজে আক্রমণের চিত্রটি অত্যন্ত আপত্তিকর। এই দৃশ্যগুলো অত্যন্ত উদ্বেগজনক এবং এমন একটি বার্তা দেয়, যা খেলাধুলায় সহিংসতা ও ঘৃণা উসকে দেয়।
“আমরা এই ধরনের চিত্র ও ভাষাকে অগ্রহণযোগ্য বলে মনে করি। কারণ, এটি ফুটবল খেলার মূল আদর্শ-যেমন পারস্পরিক শ্রদ্ধা, ফেয়ার প্লে এবং ক্রীড়াসুলভ মনোভাবের পরিপন্থী। আমরা বিশ্বাস করি, ফুটবল হওয়া উচিত সুস্থ প্রতিদ্বন্দ্বিতা, পারস্পরিক শ্রদ্ধা এবং খেলার প্রতি ভালোবাসার জায়গা; যেখানে ঘৃণা বা সহিংসতা ছড়ানোর মতো কোনো বার্তার স্থান নেই।”
ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-এর তথ্য অনুযায়ী, ম্যাচ শুরুর আগেই পিএসজি কর্তৃপক্ষ এই ব্যানার প্রদর্শনের অনুমোদন দিয়েছিল।
উয়েফার শৃঙ্খলাবিধির ১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, খেলাধুলার পরিবেশের সঙ্গে মানানসই নয় এমন উসকানিমূলক বার্তা-তা অঙ্গভঙ্গি, শব্দ, বস্তু বা অন্য যেকোনো মাধ্যমেরই হোক না কেন-প্রদর্শন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
প্রথমবার এমন অপরাধের জন্য ১০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।
