গাম্পের ট্রফিতে বার্সেলোনার প্রতিপক্ষ টটেনহ্যাম
লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি হবে ৮ অগাস্ট।
নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক ম্যাচ জুয়ান গাম্পের ট্রফিতে বার্সেলোনার এবারের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি হবে আগামী ৮ অগাস্ট।
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। এই ট্রফির ৫৮তম আসরের প্রতিপক্ষ ও খেলার তারিখ বুধবার এক বিবৃতিতে জানায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
এর আগে ১৯৮৬ সালেও একবার গাম্পের ট্রফিতে খেলেছিল টটেনহ্যাম। তখন হতো চার দল নিয়ে। সেমি-ফাইনালের পর হতো ফাইনাল। সেবার শেষ চারে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে টাইব্রেকারে হেরেছিল লন্ডনের ক্লাবটি।
গতবার শুরুতে এই ম্যাচ খেলতে রোমাকে আমন্ত্রণ জানিয়েছিল বার্সেলোনা। কিন্তু ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানায় ইতালিয়ান ক্লাবটি। পরে মেক্সিকোর ক্লাব পুমাসকে আমন্ত্রণ জানানো জয়। ম্যাচটি কাতালান ক্লাবটি জেতে ৬-০ গোলে।
কাম্প নউয়ে সংস্কার কাজের জন্য এবারের মৌসুমে বার্সেলোনা তাদের হোম ম্যাচগুলি খেলবে লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে।
গাম্পের ট্রফির আগে প্রাক-মৌসুমে আরও চারটি ম্যাচ বার্সেলোনা খেলবে যুক্তরাষ্ট্রে। ২২ জুলাই থেকে ১ অগাস্টের মধ্যে ম্যাচগুলিতে তাদের প্রতিপক্ষ ইউভেন্তুস, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ ও এসি মিলান।
১৩ অগাস্ট লা লিগায় গেতাফের মাঠে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে শাভি এর্নান্দেসের দল।
