সিটি-লিভারপুল মহারণের আগে কথার লড়াই
ম্যানচেস্টার সিটির শিরোপা সাফল্য নিয়ে লিভারপুলের ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের করা এক মন্তব্যে ক্ষুব্ধ আর্লিং হলান্ড।
ইংলিশ ফুটবলে গত কয়েক বছরে সবচেয়ে সফল দল ম্যানচেস্টার সিটি। এই সময়ে তাদেরকে সর্বোচ্চ চ্যালেঞ্জের মুখে ফেলেছে লিভারপুল, যদিও শিরোপা সংখ্যায় অনেক এগিয়ে পেপ গুয়ার্দিওলার দল। আর এই শিরোপা সাফল্য নিয়েই লিভারপুলের ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের করা এক মন্তব্যে ক্ষেপেছেন আর্লিং হলান্ড।
সম্প্রতি অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড বলেন, সিটির শিরোপাগুলোর চেয়ে তাদের জেতা ট্রফির মূল্য অনেক বেশি। কথাটা একদমই পছন্দ হয়নি হলান্ডের। মুখোমুখি লড়াইয়ের আগে প্রতিপক্ষকে তাই যেন একটু খোঁচা মেরে সিটি তারকা বললেন, সে আসলে জানে না ‘ট্রেবল জয়ের স্বাদ কেমন।’
মৌসুমের মাঝপথে কিছুটা ছন্দপতনের পর সিটি ফের পুরোনো রূপে ফেরায় প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বিতা দারুণ জমে উঠেছে। ২৭ রাউন্ড শেষে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে আছে গত তিনবারের চ্যাম্পিয়নরা। রোমাঞ্চকর এই লড়াইয়ে আগামী রোববার মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি।
সিটির মাঠে গত নভেম্বরের প্রথম দেখায় দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। অ্যানফিল্ডের আসছে ম্যাচের ফল শিরোপা লড়াইয়ে ফেলতে পারে অনেক বড় প্রভাব। স্বাভাবিকভাবেই ম্যাচটি ঘিরে তাই ছড়াচ্ছে বাড়তি উত্তাপ। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের মন্তব্যের জবাবে স্কাই স্পোর্টসকে বলা হলান্ডের কথাই যার বড় প্রমাণ।
“সে যদি এমনটা বলতে চায়, বলতে পারে। আমি এখানে এক বছর আছি এবং আমি ট্রেবল জিতেছি আর সেই অনুভূতিটা দারুণ। আমার মনে হয়, সে এই অনুভূতির সঙ্গে পরিচিত নয়।”
ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে গত মৌসুমে ট্রেবল জয়ের (প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ) ইতিহাস গড়ে গুয়ার্দিওলার সিটি।
“তারা যত খুশি (এসব নিয়ে) কথা বলতে পারে, কিংবা সে যত খুশি বলতে পারে। আমি জানি না, সে কেন এই কথা বলছে, তবে আমি কিছু মনে করি না।”
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ গুয়ার্দিওলা ২০১৬ সালে দায়িত্ব নেন সিটির। সেই থেকে ১৪টি শিরোপা জিতেছে ম্যানচেস্টারের দলটি। আর ২০১৫ সালে অ্যানফিল্ডে যোগ দেওয়া কোচ ইয়ুর্গেন ক্লপের হাত ধরে সাতটি ট্রফি পেয়েছে লিভারপুল।
সম্প্রতি ফোরফোরটু ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ ডিফেন্ডার অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড মন্তব্য করেন, দুই ক্লাবের আর্থিক সক্ষমতা ও ব্যয়ের হিসাব বিবেচনায় নিলে লিভারপুলের ট্রফি অনেক বেশি অর্থপূর্ণ।
“এই যুগে পেছন ফিরে তাকালে দেখা যায়, যদিও সিটি আমাদের চেয়ে বেশি শিরোপা জিতেছে এবং তুলনামূলক বেশি সফল; তবে দুই ক্লাবের আর্থিক অবস্থা বিবেচনায় আমাদের ট্রফিগুলো আমাদের ও আমাদের সমর্থকদের কাছে বেশি মূল্যবান।”
“ক্লাব দুটি কীভাবে তাদের দল গঠন করেছে এবং যেভাবে আমরা এটি করে দেখিয়েছি, হয়তো সেজন্য আমাদের সমর্থকদের কাছে (আমাদের ট্রফির) মূল্য বেশি। আমাদের লড়াইটা দাঁড়িয়েছে যেন একটা যন্ত্রের বিপক্ষে, যা তৈরিই করা হয়েছে জেতার জন্য…সিটি ও তাদের সংগঠনকে বর্ণনা করার এটাই সহজ উপায়।”
২৭ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে হাইভোল্টেজ লড়াইটিতে নামছে লিভারপুল। সমান ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট সিটির।
