সৌদি লিগে খেলতে মেসিকে ৪০ কোটি ডলারের প্রস্তাব!
অনেক দিন ধরে শোনা যাচ্ছে লিওনেল মেসির পিএসজি ছাড়ার জোর গুঞ্জন৷ আর্জেন্টাইন এই মহাতারকা নাকি এরই মধ্যে সৌদি আরব ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন দেশটির লিগে খেলার জন্য। অর্থের অঙ্কটা রীতিমতো চোখ কপালে তোলার মতো। দা টেলিগ্রাফের খবর, সৌদি প্রো লিগে খেললে বছরে ৪০ কোটি ডলার পাবেন মেসি!
২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়া মেসির চুক্তির মেয়াদ শেষ এই মৌসুমের পর। অনেক দফায় চুক্তি নবায়নের খবর আলোচনা এলেও তা আর বাস্তবায়িত হয়নি। ফ্রান্সের গণমাধ্যমের খবর, প্যারিসে আর থাকার ইচ্ছা নেই রেকর্ড সাতবারের ব্যালন দ'অর জয়ীর এবং এরই মধ্যে ক্লাব কর্তৃপক্ষকে তা জানিয়েও দিয়েছেন তিনি।
দা টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারের সঙ্গে মেসির দেশটিতে খেলার ব্যাপারে আলোচনা করছেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি এবং সাবেক ম্যানচেস্টার সিটি সিইও গ্যারি কুক। বর্তমানে সৌদি প্রো লিগে ওই একই দায়িত্বে আছেন কুক।
শেষ পর্যন্ত মেসি যদি সৌদি লিগে খেলতে সম্মত হন, তাহলে বিশ্বজুড়ে ক্রীড়াবিদদের মধ্যে তিনিই হবেন সর্বোচ্চ আয় করা খেলোয়াড়।
ফোর্বস সাময়িকীর তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ এখন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ মহা তারকা এখন খেলছেন সৌদির আরবের ক্লাব আল নাস্রে। ফোর্বস সাময়িকীর তালিকায় দুইয়ে আছেন মেসি।
মেসির সৌদি আরবের লিগে খেলার সম্ভাবনায় সাহায্য করতে পারে দেশটির সঙ্গে সুসম্পর্কের বিষয়টিও। ২০২২ সাল থেকে আরব দেশটির পর্যটন দূত হিসেবে কাজ করছেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড৷
সৌদি আরবে মেসি পাড়ি জমালে কোন দলে খেলবেন মেসি?-এখন পর্যন্ত সেখানে তার ভবিষ্যৎ ঠিকানা হিসেবে শোনা গেছে আল হিলালের নাম। সৌদি প্রো লিগের সবচেয়ে সফল ক্লাব, ৪৭ মৌসুমের মধ্যে ১৮ বারের চ্যাম্পিয়ন ও ১৫ বারের রানার্সআপ।
মেসিও যদি সৌদি আরবে পাড়ি জমান, তাহলে আরও একবার ফুটবল বিশ্ব উপভোগ করবে তার ও রোনালদোর জমজমাট দ্বৈরথ। দা টেলিগ্রাফের খবর অনুযায়ী, এখন পর্যন্ত দেশটির ফুটবলের প্রচার ও প্রসারে রোনালদোর ভূমিকায় সন্তুষ্ট সৌদি সরকার।
রোনালদোর পাশাপাশি মেসিকেও সৌদি লিগে খেলাতে পারলে নিশ্চিতভাবেই তা দেশটির ফুটবল নিয়ে আগ্রহ বাড়াবে অনেকটাই। সময়ের সেরা এই দুই ফুটবলার ফের একই লিগে খেলবেন কি-না, তা সময়ই বলে দেবে।
