২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখনও আমরা আর্সেনালের চেয়ে পিছিয়ে’, আত্মতুষ্টি নেই ম্যান সিটি কোচের

আর্সেনালকে হারিয়ে শিরোপা ভাগ্য নিজেদের হাতে নেওয়ার স্বস্তি থাকলেও এখনই কাজ শেষ মনে করছেন না পেপ গুয়ার্দিওলা।

‘এখনও আমরা আর্সেনালের চেয়ে পিছিয়ে’, আত্মতুষ্টি নেই ম্যান সিটি কোচের

ম্যাচের শুরুতে দুই কোচের আলিঙ্গন। ম্যাচ শেষে অবশ্য হারিয়ে গেছে মিকেল আর্তেতার এই হাসি, চওড়া হয়েছে পেপ গুয়ার্দিওলার হাসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2023, 10:18 AM

Updated : 27 Apr 2023, 03:37 PM

কান পাতলেই চারপাশ থেকে ভেসে আসবে, শিরোপার ফয়সালা হয়ে গেছে! ম্যানচেস্টার সিটির হ্যাটট্রিক প্রিমিয়ার লিগ জয় এখন স্রেফ সময়ের ব্যাপার বলেই মনে করা হচ্ছে। তবে আশেপাশের ওই আওয়াজে কান দিতে নারাজ পেপ গুয়ার্দিওলা। আর্সেনালকে হারিয়ে শিরোপা ভাগ্য নিজেদের হাতে নেওয়ার স্বস্তি তার আছে। তবে ম্যানচেস্টার সিটি কোচ এটিও মনে করিয়ে দিলেন, পয়েন্ট তালিকায় এখনও সবার ওপরে আর্সেনাল।

এই দুই দলের লড়াই ঘিরে ফাইনাল ম্যাচের উত্তেজনা ছিল বেশ আগে থেকেই। কিন্তু ম্যাচে সেই রোমাঞ্চের প্রতিফলন মাঠে পড়েনি এতটুকুও। বলা ভালো, লড়াই জমতেই দেয়নি ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে বুধবার ছন্দময়, আগ্রাসী ও কৌশলী ফুটবলের প্রদর্শনীতে আর্সেনালের আশা নির্মমভাবে গুঁড়িয়ে গুয়ার্দিওলার দল ম্যাচ জিতে নেয় ৪-১ গোলে।

এই লড়াইয়ে জয়ের পর সিটিকে একরকম চ্যাম্পিয়ন ধরেই নিয়েছেন অনেকে। এই দলের যা শক্তি-সামর্থ্য ও সাম্প্রতিক ফর্ম, যেভাবে একের পর এক ম্যাচে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলেছে তারা, তাতে শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারলে সেটিই হবে বিস্ময়ের।

তবে ফুটবলে বিস্ময়কর অনেক কিছুই তো হয়! ম্যাচ শেষে গুয়ার্দিওলা বললেন, শেষের আগে শেষ নয় কিছুই।

“পরের তিনটি ম্যাচ হবে খুবই গুরুত্বপূর্ণ। কাজটি সহজ হবে না আমাদের জন্য। একটি করে ম্যাচ ধরে আমরা এগোব এবং দেখব কীভাবে সবকিছু হয়। বাস্তবতা হলো, ব্যাপারটি একদম সরল শোনাতে পারে, তবে পয়েন্ট তালিকায় এখনও তো আমরা আর্সেনালের পেছনে।”

পয়েন্ট তালিকায় সিটি এখনও পেছনে বটে। তাদের পয়েন্ট ৭৩, আর্সেনালের ৭৫। তবে গুয়ার্দিওলা যেমনটি বলেছেন, এটি ‘সরল’ কথা। সিটি যে ম্যাচ খেলেছে দুটি কম!

এই দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট পেলে সিটি এগিয়ে যাবে ৪ পয়েন্টে। এমনকি ম্যাচ দুটি ড্র হলেও সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ওপরে থাকবে সিটিই।

এই মাসের শুরুতেও আর্সেনাল এগিয়ে ছিল ৮ পয়েন্টে। কত দ্রুতই সেই চিত্র বদলে গেল! হুট করেই ছন্দ হারিয়ে টানা তিন ম্যাচ ড্র করল আর্সেনাল। এরপর এই পরাজয়। এই সময়টাতেই নিজেদের সেরা চেহারায় ফিরল সিটি। দুইয়ে মিলে এখন আর্সেনালের ভাগ্য আর নিজেদের হাতে নেই।

শিরোপা নিয়ে সতর্ক হলেও সিটির সম্ভাবনা এখন পুরোপুরিই নিজেদের ওপর, সেই স্বস্তি লুকালেন না গুয়ার্দিওলা।

“আমাদের মনোযোগ হারানো চলবে না। ভাগ্য এখন আমাদের নিজেদের হাতেই। যখন এটা আমাদের হাতেই, তখন সেটির পূর্ণ ব্যবহার আমাদের করতে হবে।”

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমি-ফাইনালের প্রথম লেগের আগে প্রিমিয়ার লিগে তিনটি ম্যাচ খেলবে সিটি। প্রথমটি ফুলহ্যামের মাঠে, পরের দুটি নিজেদের মাঠে ওয়েস্ট হ্যাম ও লিডস ইউনাইটেডের বিপক্ষে। এই তিন ম্যাচেই সিটির লিগ শিরোপা সম্ভাবনা অনেকটা পরিষ্কার হবে বলে ধারণা গুয়ার্দিওলার।

“পরের তিন ম্যাচেই ফুটে উঠবে, আমরা যা করতে চাই, তা করতে পারব কি না। ঘরের মাঠে দুটি ম্যাচ আছে আমাদের। যদিও আগে থেকে অনুমান করতে চাই না, কারণ এটা ভালো কিছু নয়, তবে এই মৌসুমে ঘরের মাঠে নিজেদের আবহ ও দর্শক সমর্থনে আমরা স্বস্তি বোধ করছি…।”

“যেটি বললাম, পরের তিন ম্যাচ গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমাদের ভাগ্য এখন নিজেদের হাতেই। আসলে মৌসুমের শেষ দিকে এসে অন্য কিছু আর বড় কোনো ব্যাপার নয়। এখন আমাদের নিজেদের পারফরম্যান্সের ব্যাপার, বাকি ম্যাচগুলি জিততে হবে… এটা আমাদের ওপরই। লিগের বাকি সাত ম্যাচকে এভাবেই নিতে হবে আমাদের।”  

প্রতিটি ম্যাচ জয়ের যে চ্যালেঞ্জ, এটিই দলের সেরা বের করে আনে বলে মনে করেন সিটি কোচ।

“ছেলেরা জানে যে, (শিরোপা) কাছাকাছিই আছে এবং লড়াইয়ে থাকতে হলে আমাদের জিততে হবে। জয় ছাড়া বিকল্প আর কিছু নেই, এই মানসিকতাই সবসময় সেরা মানসিকতা। আমাদের ফুটবলাররা দেখিয়েছে যে, প্রতিটি ম্যাচেই তারা মাঠে নামে জয়ের জন্য।”