১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

সৌভাগ্যের ছোঁয়ায় জয়ের হাসি আর্সেনালের

লিগ টেবিলে আবার ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামাল মিকেল আর্তেতার দল।

সৌভাগ্যের ছোঁয়ায় জয়ের হাসি আর্সেনালের

ব্যবধান গড়ে দিয়ে উচ্ছ্বসিত ননি মাদুয়েকে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Oct 2026, 11:31 PM

Updated : 19 Oct 2026, 12:17 AM

পুরোটা সময় নিজেদের খুঁজে ফিরল আর্সেনাল। কেবল একটি শটই লক্ষ্যে রাখতে পারল তারা এবং সৌভাগ্যবশত সেটাই জড়াল জালে। তাতে অনেক ভোগান্তির ম্যাচে কোনোমতে নটিংহ্যাম ফরেস্টকে হারাল মিকেল আর্তেতার দল।

প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটিতে আর্সেনালের একমাত্র জয়সূচক গোলটি করেন ননি মাদুয়েকে।

নটিংহ্যামের আঙিনায় গত দুই মৌসুমে লিগে একবারও জিততে পারেনি আর্সেনাল। হতাশায় সেই ধারায় এবার ছেদ টানতে পারল তারা।

সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। সবগুলো ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

১৬ পয়েন্ট নিয়ে ব্রাইটন তৃতীয় ও ১৩ পয়েন্ট নিয়ে চেলসি চতুর্থ স্থানে আছে।

বল দখলে শুরু থেকে আর্সেনাল আধিপত্য করলেও, প্রথম সুযোগটা পায় নটিংহ্যাম। সুইস উইঙ্গার ড্যান এনডোয়ের শটটি অবশ্য পোস্ট ঘেঁষে বেরিয়ে যাচ্ছিল, শেষ মুহূর্তে দাভিদ রাইয়া বলে আঙুল ছোঁয়ালে কর্নার পায় স্বাগতিকরা।

এলোমেলো ফুটবলের প্রথমার্ধে কেবল একটি হাফ চান্স তৈরি করতে পারে আর্সেনাল। কাই হাভার্টজের সেই হেড থাকেনি লক্ষ্যে।

প্রথমার্ধে দুই দলের কেউই কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি। বিরতির পরও একইভাবে চলতে থাকে খেলা।

৭১তম মিনিটে খুব ভালো একটা সুযোগ আসে আর্সেনালের সামনে। অধিনায়ক মার্টিন ওদেগোরের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে এটাও উড়িয়ে মারেন ডেক্লান রাইস।

অনেক ব্যর্থ প্রচেষ্টার পর, কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায় ৮০তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। রাইসের পাস পেয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে জোরাল শট নেন মাদুয়েকে, বল সামনে আরেকজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। আটকানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক।

গোলের জন্য তুলনায় বেশি শট নেয় নটিংহ্যাম, তাদের দুটি শট লক্ষ্যে থাকে; কিন্তু আসরে চতুর্থ হার এড়াতে পারেনি তারা।

সাত ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে দলটি।

পুরনো খবর:

লিডসের বিপক্ষে আবার হোঁচট খেল ছন্দহারা ম্যানচেস্টার ইউনাইটেড