Published : 21 Nov 2022, 11:59 AM
প্রথমার্ধে একের পর এক আক্রমণে কাতারকে বেশ চাপে রাখে একুয়েডর। কিন্তু দ্বিতীয়ার্ধে তারা যেন উদ্যম হারিয়ে ফেলে। কমে যায় তাদের খেলার গতি। শেষ পর্যন্ত অবশ্য জয়ের হাসিতেই মাঠ ছাড়ে লাতিন আমেরিকার দেশটি। তবে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছেন না কোচ গুস্তাভো আলফারো।
কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রোববার স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে একুয়েডর। আল বাইত স্টেডিয়ামে অধিনায়ক এনের ভালেন্সিয়া দুটি গোলই করেছেন প্রথমার্ধে। প্রথম দল হিসেবে কোনো আসরের স্বাগতিকদের প্রথম ম্যাচে হারিয়েছে একুয়েডর।
‘এ’ গ্রুপ থেকে শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার সম্ভাবনা তৈরি করতে হলে ম্যাচ জেতা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল কাতার ও একুয়েডরের জন্য। তিন পয়েন্ট পেয়ে সেই পথে এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ আমেরিকার দলটি।
একুয়েডরের পরের দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও সেনেগাল। যাদের বিপক্ষে গোল করা এতো সহজ হবে না। বিশ্বকাপ অভিষেক হওয়া কাতারের বিপক্ষে গোলের ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি একুয়েডর। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তারা ছিল নিষ্প্রভ।
শুরুটা জয়ে রাঙালেও নকআউট পর্বে যেতে আরও ভালো করতে হবে বলে মনে করেন আলফারো। খেলোয়াড়দের আরও উন্নতির তাগিদ দিলেন একুয়েডর কোচ।
“গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা জিতেছি। এই ম্যাচ জেতার জন্য যা প্রয়োজন, আমরা সেটা করেছি। বিরতির সময় আমি খেলোয়াড়দের জিজ্ঞাস করেছিলাম, তারা কী খুশি? তারা বলেছে, না, তারা আরও ভালো খেলতে সক্ষম। জয়ের জন্য তাদের অভিনন্দন জানিয়েছি, তবে বলছি আরও ভালো করতে হবে।”
একুয়েডরের পরের ম্যাচ আগামী শুক্রবার ডাচদের বিপক্ষে। তিন বারের ফাইনালিস্টদের সঙ্গে লড়াই সহজ হবে না, ভালো করেই জানেন আলফারো। তাই দলকে সেভাবে প্রস্তুত হতে বললেন তিনি।
“নকআউট পর্বে যেতে হলে আমাদের ভালোভাবে গ্রুপ পর্ব শেষ করতে হবে। সামনে এগোতে হলে আমাদের উন্নতির প্রয়োজন। নিজেদের প্রথম ম্যাচে জেতার পরও অনেক দল পরের ধাপে যেতে পারে না।”