Published : 19 Jun 2026, 08:54 AM
দেশের জার্সিতে গোল পাওয়া এমনিতেই দারুণ প্রাপ্তির, গর্বের। আর সেই গোল যদি হয় ব্রাজিলের বিপক্ষে, তাহলে তা হয়ে ওঠে বলার মতো এক গল্প। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ সামনে রেখে হাইতির সাবেক খেলোয়াড় জেমস মার্সেলিন উত্তরসূরিদের সেই গল্পই শোনালেন। বললেন, ব্রাজিলের বিপক্ষে গোল পাওয়ার অর্থ অনেক।
উত্তর আমেরিকা বিশ্বকাপে ফিলাডেলফিয়ায় শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে হাইতি। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
২০১৬ সালের কোপা আমেরিকার আসরে মুখোমুখি হয়েছিল দুই দল। ৭-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল হাইতি। ওই ম্যাচে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেছিলেন মার্সেলিন। এখন পর্যন্ত হাইতির কোনো ফুটবলারের ব্রাজিলের জালের দেখা পাওয়ার একমাত্র গল্পও এটি।
৪০ বছর বয়সী মার্সেলিন এই বিশ্বকাপে দর্শক। ২০১৯ সালে বুটজোড়া তুলে রেখেছেন তিনি। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে ‘ইতিহাস’ বনে যাওয়া সেই গোলের গল্প তিনি শোনালেন গর্বের সুরে।
“এটা ছিল অবিশ্বাস্য। কোপা আমেরিকায় প্রথমবার খেলাই ছিল আমাদের জন্য বিশাল প্রাপ্তি। প্রতিযোগিতাটিতে হাইতির প্রথম খেলোয়াড় হিসেবে গোল পাওয়া, ব্রাজিলের বিপক্ষে প্রথম হাইতিয়ান হিসেবে গোল করা ছিল চমৎকার বিষয়। এমন কিছু কখনও কল্পনাও করতে পারতাম না।”
“আমি হাইতির হয়ে আরও গোল পেয়েছি, কিন্তু (ব্রাজিলের বিপক্ষে গোলটি) এই গোলের অর্থ অনেক কিছু। হাইতির অনেক মানুষ ব্রাজিল ও আর্জেন্টিনাকে সমর্থন করে; তো সমর্থকদের জন্য গোলটি ছিল গুরুত্বপূর্ণ। তারা গোলটি খুব পছন্দ করেছিল।”
চলতি বিশ্বকাপে হাইতি এখনও জালের দেখা পায়নি। স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছে তারা।